হিমালয়কন্যা পঞ্চগড়ের বোদা উপজেলার বুক চিরে বয়ে চলা পাথরাজ নদীর নামানুসারে গড়া ‘পাথরাজ মহাবিদ্যালয়’ (বর্তমানে পাথরাজ সরকারি কলেজ) শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, উত্তরবঙ্গের সংস্কৃতি, রাজনীতি ও তারুণ্যের উন্মাদনার এক জীবন্ত ইতিহাস। ১৯৯০-এর দশকের সেই দিনগুলোতে আমাদের এই ক্যাম্পাসটিতে ছিল সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া চর্চার অপূর্ব মিশেল।
নৈসর্গ ও ক্যাম্পাসের রূপ
চারদিকে সবুজ মাঠ, অদূরে পাথরাজ নদী, কাছেই পাড়া-গ্রাম, উত্তরের নির্মল আকাশ আর পূর্বদিকে এই মহান মাটির বুক চিরে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক। মাঝখানে অবস্থিত আমাদের প্রিয় ক্যাম্পাস, পাথরাজ মহাবিদ্যালয়। এই জনপদের শিক্ষার ইতিহাসে পাথরাজ মহাবিদ্যালয় একটি পরিচিত নাম।
কলেজটির যাত্রা শুরু হয়েছিল ১৯৭২ সালে। নানা কারণে তখন নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু রাখা সম্ভব হয়নি। পরে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজের উদ্যোগী মানুষের প্রচেষ্টায় ১৯৮৪ সালের ২২ জুন কলেজটি পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। ১ জুলাই থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয় বোদা পাইলট উচ্চবিদ্যালয়ে। ১৯৮৫ সালে কলেজটি নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। নব্বইয়ের দশকে এসে প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষার স্বপ্ন দেখা গ্রামীণ তরুণ-তরুণীদের জন্য গুরুত্বপূর্ণ আশ্রয় হয়ে ওঠে।
শিক্ষা ও পরিবেশ
১৯৯০ সালে এই মহাবিদ্যালয়ে ভর্তি হওয়ার কিছুদিন পর আমাদের বরণ করে নেওয়ার জন্য আয়োজন করা হয় নবীনবরণ অনুষ্ঠান। উন্মুক্ত মাঠে সামিয়ানা টানিয়ে করা হয় মঞ্চ। আজও সবকিছু চোখে ভাসছে আমার।
মঞ্চের সামনে সারি সারি চেয়ার। একেবারে সামনে শিক্ষকবৃন্দের বসার জায়গা। তারপরে অভিভাবকেরা বসেছেন। এরপরে ছাত্রছাত্রীরা। একটু পরপর মাইকে অনুষ্ঠান শুরুর ঘোষণা দেওয়া হচ্ছে। সবকিছুর নেতৃত্ব দিচ্ছেন কলেজের অধ্যক্ষ কাজী আবদুর রহমান।
এরকম একজন সুদর্শন, কেতাদুরস্ত মানুষ এরকম একটি মফস্বল কলেজে শিক্ষকতা করতে পারেন, এটা আমার কল্পনার অতীত ছিল। কলেজের আসার আগে আমার কাছে অধ্যক্ষের কল্পিত অবয়ব ছিল একজন গরিব-গরিব চেহারার জীর্ণশীর্ণ মানুষ, যার পোশাক-আশাক হবে বড়জোর মার্কিন কাপড়ের তৈরি অমসৃণ পায়জামা-পাঞ্জাবি। পায়ে সাধারণ চপ্পল, এই আরকি। কিন্তু উনি দেখি পুরোই আলাদা। বিরাট উচ্চতার এক লোক, পরনে ব্রিটিশ কায়দার পোশাক। একেবারে মানানসই এবং অন্যদের চেয়ে আলাদা। পরে বুঝেছি, ওনার চিন্তা, জ্ঞান-বুদ্ধি, নেতৃত্বের গুণাবলি সবকিছুই ছিল উঁচুদরের।
অন্যান্য স্যারদের মধ্যে বাংলার শফিক স্যার, যুক্তিবিদ্যার প্রবীর চন্দ্র চন্দ্র নয়ন, অর্থনীতির আনোয়ার স্যার, সমাজবিজ্ঞানের তরিকুল ইসলাম স্যার, ইংরেজির বিভূতি স্যারকে এই লেখাটার সময় মনে পড়ছে বেশি।
শফিক স্যার পড়াচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হৈমন্তী’। গল্পে বিবাহসভায় কন্যার হাত নিজের হাতের ওপর পড়ার পর অপু তার মনের উচ্ছ্বাস প্রকাশ করছে এভাবে, “আমার মন বারবার করিয়া বলিতে লাগিল, আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম।” অসাধারণ স্যারের পাঠ ও আলোচনা। স্যারের পড়ানোর ফাঁকে ফাঁকে আমি আর আমার পাশে বসা বন্ধু অরুণ তখন বারবার মাধবীর দিকে তাকাচ্ছিলাম। তারুণ্যের প্রথম প্রহরের সে অনুভূতি অবর্ণনীয়।
অর্থনীতির আনোয়ার স্যার ক্লাসে এসেই টেবিলে বইটা রাখতেন। তারপর টেবিলেই ঠেস দিয়ে দাঁড়িয়ে দুই চোখ বুজে ‘চাহিদা-যোগান তত্ত্ব’ বোঝাতেন। বাজারে চাহিদা বাড়লে আর জোগান কমলে পণ্যের মূল্য বাড়ে। পড়ানো শেষ হলে তিনি চোখ খুলে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতেন।
যুক্তিবিদ্যার নয়ন স্যার প্রায় একই কায়দায় ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ বোঝাতেন আমাদের, “শোন সবাই, ব্যক্ত্যর্থ বাড়লে, জাত্যর্থ কমে আর জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে।” আমরা সমস্বরে বলতাম, “জ্বি স্যার, জ্বি স্যার।” আহা, কী যে আনন্দ হতো তখন!
ইংরেজির বিভূতি স্যার ছিলেন স্টাইলিস্ট। পুরো ক্লাসে তিনি অসংখ্যবার “ইজ়’ন্ট ইট?” বাক্যটি ব্যবহার করতেন। পরে বুঝতে পেরেছিলাম, কোনো কিছু বোঝানোর শেষে তিনি আমাদের উদ্দেশে বাংলায় “ঠিক আছে?” না বলে ইংরেজিতে “ইজ়’ন্ট ইট?” ছুড়ে মারতেন। তখন পেছনের বেঞ্চ থেকে ভেসে আসত, “ইয়েস স্যার, ইয়েস স্যার।”
সপ্তাহান্তে বৃহস্পতিবারে টিফিন শেষে বসত কুইজ ক্লাস। এখানে সব শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল। উল্লেখ্য, আমাদের সময় পাথরাজ মহাবিদ্যালয়ে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ানো হতো।
এখনো ভাবলে ভালো লাগে যে আমি সম্ভবত আবৃত্তি, অভিনয় ও কৌতুক পরিবেশনে পুরো কলেজের মধ্যে বেশ পরিচিত নাম ছিলাম। কুইজে আমার সঙ্গে টেক্কা দেওয়া খুব সহজ ছিল না। একবার কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় ইনডোর-আউটডোর মিলে আমি সাত ইভেন্টে প্রথম আর ভলিবলে দলগতভাবে রানার্সআপ হয়েছিলাম।
প্রথম হওয়া ইভেন্টগুলোর মধ্যে ছিল উপস্থিত বৃক্ততা, আবৃত্তি, বিতর্ক, অভিনয়, কৌতুক, কুইজ আর বর্শা নিক্ষেপ। সম্ভবত এখন পর্যন্ত আমার এই ‘কীর্তি’ আমাদের কলেজের রেকর্ড।
কলেজে এরকম আরও কয়েকজন ছিল। আমি ও নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা বিতর্ক, আবৃত্তি ও উপস্থিত বৃক্ততায়, গানে বৃন্দা-বিথী দুই বোন, তবলায় সৌরভ কুমার দাস রিপন, টেবিল টেনিসে সেলিম ও মতি ভালো করত। আহহা! আর কারও নাম মাথায় আসছে না এখন।
একবার ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ নিয়েছিলাম। এসব প্রতিযোগিতায় প্রচুর বই পুরস্কার পাওয়া যেত। একবার আমি আর মুক্তা আমাদের পাওয়া অনেকগুলো বই কলেজকে দিয়ে দিয়েছিলাম। আমাদের যাবতীয় কর্মকাণ্ডের মেন্টর হিসেবে ছিলেন অধ্যক্ষ কাজী আবদুর রহমান।
কত স্মৃতি এই পাথরাজ ক্যাম্পাসকে ঘিরে। টিনশেড বিল্ডিংয়ের শিক্ষালয়ে যারা পড়তে আসত, তারা অধিকাংশই নিতান্ত নিম্নবিত্ত ঘরের। তবে কলেজে যাওয়ার সময় আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে সবচেয়ে ভালো বস্ত্রটি পরিধান করে যেতাম। তখন অবশ্য শ্যাম্পু, কন্ডিশনার, বডি স্প্রে কিংবা পারফিউমের বালাই ছিল না। কিন্তু আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতার শর্ত মান্য করতাম।
কলেজে অধ্যক্ষ স্যারের রুমটা ছিল বড় আর বেশ সাজানো-গোছানো। তাঁর রুমের ঠিক বাইরেই ছিল একটি কৃষ্ণচূড়ার গাছ। বর্ষাকালে সেটি লাল ছাতা হয়ে ফুটে শোভা দিত। এ ছাড়া ছিল গোলাপ, গাঁদা ইত্যাদি ফুলগাছ। এগুলো ফুটত শীতকালে। আমি কত দিন এই গোলাপ তুলে নিয়ে মাধবীকে দিয়েছি। তবে কাজটা করতে হয়েছে খুব গোপনে। রাজনীতি করতাম বিধায়, আমাদের কাছে এসব ছিল স্বর্গের সেই নিষিদ্ধ ফলের মতো।
সেসময় আমাদের ক্যাম্পাসের বর্ধিত অংশ হিসেবে ‘প্রেমনগর’ নামে একটি স্পট ছিল। এই নাম কে দিয়েছিল তা জানিনা। কলেজ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে কোনাকুনি হাঁটলে সেখানে পৌঁছানো যেত পাঁচ মিনিটের মধ্যে। তবে যারা জোড়া বেঁধে যেত, তাদের কথা আলাদা। তাদের কোনো তাড়া নেই, যেন তারা মহাবিশ্বের শেষ সীমানার দিকে রওনা দিয়েছে। কোনো একদিন পৌঁছালেই হবে। “এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো?” এই ফর্মুলা মেনে তারা হাঁটত। হাঁটতে হাঁটতে তাদের হাসির শব্দ আর আবোলতাবোল কথা বলা এখনো কানে বাজে। সব জুটিই শেষ পর্যন্ত টিকে থাকেনি স্বাভাবিকভাবেই। জীবনের প্রয়োজনে একজন আরেকজন থেকে ছিটকে গেছে দূরে।
প্রেমনগর জায়গাটা অনেক সুন্দর ছিল। এখনো আছে সম্ভবত। এটা মূলত পাথরাজ নদীরই একটি বাঁক। বাঁকটি বেশ প্রসারিত। পাথরাজ এখানে এসে কিছুটা বাধাগ্রস্ত হয়ে থেমে গেছে বলে মনে হতো। ফলে এখানে পাথরাজ দেখতে অনেকটা লেকের মতো হয়ে গেছে। এর পাশেই ছিল অবারিত ফসলের মাঠ আর গাছগাছড়া।
তখনকার সময়ে কলেজে যেতে আমাদের কারও বাহন ছিল বাইসাইকেল, কারও ভরসা পায়ে হাঁটা; আর কারও কারও প্রতিদিনের যাতায়াতের গল্পে থাকত রিকশা কিংবা ভ্যান। মাসের শেষে বেতন, পরীক্ষার ফি ও বই কেনার হিসাব মেলানোও ছিল একধরনের কষ্টকর অর্থনৈতিক অনুশীলন। আজকের মতো হাতে স্মার্টফোন না থাকলেও বন্ধুত্বের যোগাযোগে ঘাটতি ছিল না। একটি চিঠি কিংবা চায়ের দোকানে দেখা করাই যথেষ্ট ছিল। চায়ের দোকান বলতে ছিল বেলাল মামার আট আনার লাল চা আর আট আনার পোড়া মাটির মতো শক্ত বেকারির বিস্কুট। বেলাল মামা ছিলেন কলেজের সহকারী, নিতান্তই সহজ-সরল, সৎ মানুষ।
রাজনীতি, সমাজ ও সময়ের হাওয়া
আশি-নব্বইয়ের দশক ছিল বিশ্ব ও বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এক উত্তাল সময়। একদিকে সমাজতান্ত্রিক বিশ্বব্যবস্থা ধসে পড়ছে। অপরদিকে, ১৯৯০-এর গণ-অভ্যুত্থানে এরশাদ শাসনের পতন, ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন। এই ধারাবাহিকতায় জাতীয় রাজনীতির ঢেউ ঢাকা থেকে উপজেলা শহর হয়ে আমাদের ক্যাম্পাসে এসেও লাগে। পাথরাজের শিক্ষার্থীরাও সেই সময়ের রাজনৈতিক আলোচনা, মিছিল, সভা, দেয়াললিখন ও ছাত্রসংগঠনের তৎপরতার বাইরে ছিল না।
কলেজটিতে কয়েকটি ছাত্রসংগঠন সক্রিয় ছিল। এর মধ্যে বাম সংগঠন হিসেবে ছাত্র ইউনিয়ন অগ্রগণ্য। এ ছাড়া জাসদ ছাত্রলীগ, ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রী ও ছাত্র ফেডারেশনের অস্তিত্ব ছিল। মধ্যপন্থী ছাত্রসংগঠন হিসেবে ছিল আওয়ামী ছাত্রলীগ। ছাত্রদলেরও শক্ত ইউনিট ছিল।
মাঝেমধ্যে অপরাপর সংগঠনের সঙ্গে ছাত্র ইউনিয়নের কাজিয়া লেগে যেত। কখনো এই কাজিয়া স্থানীয় বড় সংকট তৈরি করত। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে প্রথমে নিজেদের মধ্যে, পরে অপরাপর সংগঠনের মধ্যে প্রতিযোগিতা হতো।
কিছু রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে এখানে। একবার এরকম কোনো এক ঘটনায় আমি আর অরুণ ক্যাম্পাস থেকে বহিষ্কার হয়েছিলাম। সেই সময়ের ছাত্র ইউনিয়ন নেতা মফিদুলকে ঘিরে আন্দোলন, পরবর্তীকালে এই আন্দোলনের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ কাজী আবদুর রহমানের কলেজ থেকে চলে যাওয়ার ঘটনা আমাকে এখনো ভীষণ অপরাধী করে দেয়। এই আন্দোলনের পুরোভাগে ছিলাম আমি আর অরুণ (এখন মোহাম্মদ পলাশ)। অনেক পরে ঢাকায় স্যারের কাছে আমি মাফ চেয়েছিলাম। স্যার আমাকে মাফ করে দিয়েছেন বলে জানিয়েছিলেন।
কখনো কখনো আমরা ছাত্র ইউনিয়নের মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে অনতিদূরে উপজেলা শহরে চলে যেতাম। আবার কখনো শহর থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে যেতাম। এভাবে কত কর্মসূচি, কত অপরিপক্ব কাজ, কত আবোলতাবোল, ছেলেমানুষি, ননসেন্স জব এই ক্যাম্পাস থেকে শুরু অথবা এখানে এসে শেষ হয়েছে, তার হিসাব নেই। তবে, সুযোগ থাকলে টাইম মেশিনে পেছনে ফিরে গিয়ে এসবের অনেক কিছুই উল্টে দিতাম আজ। বিশেষ করে অধ্যক্ষ কাজী আবদুর রহমান স্যারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি।
সংস্কৃতি চর্চা ও সম্প্রীতির ক্যাম্পাস
নব্বইয়ের দশকের পাথরাজ মহাবিদ্যালয় মানেই পাঠ্যবইয়ের বাইরেও অনেক কিছু। জাতীয় দিবস, বিজয় দিবস, নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন, বিতর্ক, খেলাধুলা কিংবা বার্ষিক অনুষ্ঠান। এসব আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সৃজনশীলতা ও বন্ধুত্ব গড়ে উঠত। স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যের উপস্থাপনা, গ্রামীণ গান, আবৃত্তি ও নাট্যচর্চা কলেজের আয়োজনগুলোকে সত্যি প্রাণবন্ত করে তুলত।
সে আমলে আমাদের এলাকায় বিভিন্ন ধর্মসম্প্রদায়ের মানুষের মধ্যে বেশ ভালো রকম সহাবস্থান ছিল। শিক্ষার্থীদের কাছে তাদের ব্যক্তিগত পরিচিতি ও সম্মান ছিল গুরুত্বপূর্ণ। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিয়মিত ক্লাস, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা শিক্ষার পরিবেশকে এগিয়ে নেওয়ার শক্তি জুগিয়েছিল।
পাথরাজ মহাবিদ্যালয়ের ইতিহাস তাই কেবল একটি প্রতিষ্ঠানের ইতিহাস নয়; এটি বোদার একটি প্রজন্মের বেড়ে ওঠার গল্প। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শনের হাতছানি, শীতের সকালে কুয়াশা ভেদ করে সাইকেলের চাকা ঘুরিয়ে যখন ছাত্রছাত্রীরা আসত, মনে হতো প্রকৃতির কোনো নিঝুম ক্যানভাসে পা রাখছে তারা। সব মিলিয়ে এক কাব্যিক পরিবেশ।
পয়লা বৈশাখ, বসন্ত উৎসব কিংবা বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা, পাথরাজের মঞ্চ মানেই ছিল এক মিলনমেলা। ভাওয়াইয়া গান, নাটক এবং কবিতা আবৃত্তিতে মুখরিত থাকত চারপাশ। ঈদ, দুর্গাপূজা কিংবা সরস্বতীপূজার আনন্দ পুরো ক্যাম্পাসে সমানভাবে ছড়িয়ে পড়ত, যা ছিল সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।
নব্বইয়ের দশকের আমাদের সেই সোনালি সময়ে পাথরাজ কলেজ থেকে পড়াশোনা করে বহু শিক্ষার্থী আজ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে সুনামের সঙ্গে কাজ করছেন। কেউ হয়েছেন সাংসদ, কেউ প্রশাসক। শিক্ষা, চিকিৎসাসহ নানা পেশায় আছেন এই কলেজের অনেক শিক্ষার্থী। কেউ কেউ আবার স্থানীয় পর্যায়ে সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে উজ্জ্বল ভূমিকা রাখছেন।
অনেক বছর প্রিয় কলেজ আঙিনায় যাওয়া হয়নি। ইচ্ছে আছে শিগগিরই একবার ঘুরে আসার।
এখানে পড়ুন: আমাদের নন-স্টপ আড্ডার বিশ্ববিদ্যালয়