বিবিধ

বিষাক্ত ইতিবাচকতা থেকে বাঁচতে হবে


  • নওরিন নাহার মুনা  |
  • প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২৩:৫০
বিষাক্ত ইতিবাচকতা থেকে বাঁচতে হবে
ছবি: এআই

বিষাক্ত ইতিবাচকতা (Toxic Positivity) কথাটা শুনতে কেমন লাগে? ইতিবাচকতা আবার বিষাক্ত হয় কী করে? হয়তো খতিয়ে দেখা হয় না। কিন্তু বিশেষজ্ঞদের মতে, বাস্তব জীবনে অনেক মানুষই বিষাক্ত ইতিবাচকতায় অভ্যস্ত হয়ে আছে। এভাবেও বললে হয়তো বাড়িয়ে বলা হবে না যে বিষাক্ত ইতিবাচকতার অভিজ্ঞতা মোটামুটি আমাদের সবারই আছে। বিষাক্ত ইতিবাচকতা কাকে বলে? বিষাক্ত ইতিবাচকতার সমস্যাগুলো কী? এসব নিয়ে ইউনিভার্সিটাস গাদজাহ মাদা এবং এভরিডে হেলথ সাইটে প্রকাশিত লেখা অবলম্বনে পড়ুন জীবনজয়ী প্রতিবেদন।

বিষাক্ত ইতিবাচকতা বলতে বোঝায়, যেকোনো পরিস্থিতিতেই ইতিবাচক থাকতেই হবে—এমন একটা চাপ নিজের মধ্যে তৈরি করে ফেলা। এমনকি ব্যক্তি যখন বাস্তবেই কষ্ট, দুঃখ বা হতাশার মধ্য দিয়ে যাচ্ছে, তখনও ইতিবাচক থাকার কথা বলে বাস্তবতাকে অগ্রাহ্য করা। এক কথায়, বিষাক্ত ইতিবাচকতায় আক্রান্ত একজন ব্যক্তি তাঁর মধ্যে বাস্তব কারণে জন্ম নেওয়া নেতিবাচক অনুভূতিগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ না করে অবদমন করে ফেলেন।

'ইতিবাচক দিকটি দেখো', 'সবকিছুর পেছনে কোনো না কোনো কারণ আছে', 'সবকিছু ঠিক হয়ে যাবে'—এরকম কথাবার্তা শুনতে ভালোই। কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে এগুলো বিষাক্ত ইতিবাচকতায় রূপ নিতে পারে।

একটি দৃশ্য কল্পনা করা যাক। একজন তরুণী রাস্তায় হেঁটে যাচ্ছে। তিনজন ছেলে তাকে পেছন থেকে বাজে কথা বলতে বলতে হাঁটছে। একপর্যায়ে তরুণীটি তিন বখাটের মুখোমুখি হন। তখন বখাটেরা তার পোশাক নিয়ে কটূক্তি শুরু করে। লোকজন জমতে শুরু করলে বখাটেরা সটকে পড়ে। এ সময় একজন বয়স্ক ব্যক্তি এগিয়ে এসে তরুণীটিকে উদ্দেশ করে বলেন, “তুমি মন খারাপ কোরো না। ছেলেগুলো হয়তো খারাপ কথা বলেছে। ওরা কিন্তু তোমার শরীরে হাত দেয়নি। ওদের বুঝিয়ে বললে কিন্তু ওরা ভালো হয়ে যাবে।” বুঝতে অসুবিধা হয় না যে এই বৃদ্ধ বাস্তবতার মুখোমুখি না হয়ে নিজের মতো এক কৃত্রিম ইতিবাচকতা তৈরি করে বসে আছেন। এই ইতিবাচকতা আসলে নেতিবাচকতা ছাড়া আর কিছুই নয়।

বিষাক্ত ইতিবচাকতা তৈরির পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, অন্যকে ভালো অনুভব করানোর চেষ্টা। অনেক সময় কাউকে কষ্টে দেখলে আমরা তাকে ভালো অনুভব করানোর জন্য ইতিবাচক দিকে মনোযোগ দেওয়ার তাগিদ দিই। ফলে তার মূল অনুভূতিগুলো উপেক্ষিত হয়। দ্বিতীয়ত, কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে অস্বস্তি। কেউ দুঃখ বা শোকে থাকলে তাকে কী বলা উচিত, কীভাবে সান্ত্বনা দেওয়া উচিত, তা বুঝতে না পেরে আমরা সহজেই বলে ফেলি, “সব ঠিক হয়ে যাবে”, “ইতিবাচক থাকো” ইত্যাদি। বিশেষজ্ঞদের মতে, অনেক সময় অন্যের কষ্টের সঙ্গে সত্যিকার অর্থে যুক্ত হতে না পারার কারণে আমরা বিষাক্ত আশাবাদের আশ্রয় নিই। যা ব্যক্তিকে আরও একাকী ও বিচ্ছিন্ন অনুভব করায়।

এবারে আসা যাক বিষাক্ত ইতিবাচকতার শারীরিক ও মানসিক নেতিবাচক প্রভাবে। বিশেষজ্ঞদের মতে, বিষাক্ত ইতিবাচকতা মানুষকে নিজের প্রকৃত অনুভূতি দমন করতে বাধ্য করে। ফলে রাগ, দুঃখ ও হতাশার মতো অনুভূতিগুলো আরও তীব্র হতে পারে এবং সেগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এ ছাড়া মানুষ নিজের নেতিবাচক অনুভূতির জন্য অপরাধবোধ ও লজ্জা অনুভব করতে পারে। একজন মানুষ তাঁর প্রকৃত অনুভূতি প্রকাশ করতে না পেরে নিজের স্বাভাবিক সত্তা থেকে দূরে সরে যেতে পারেন। এমনকি বিষাক্ত ইতিবাচকতা মানুষকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করেও ফেলতে পারে। এমন পরিস্থিতিতে কিছু মানুষ নিজেদের কষ্টের কথা অন্যদের বলতে চান না এবং প্রয়োজনের সময় সাহায্য চাইতেও দ্বিধা করেন।

নিজেকে ইতিবাচক দেখানোর চাপের মধ্যে থাকা মানুষ বাস্তব সমস্যার সমাধান খোঁজার পরিবর্তে শুধু ইতিবাচক থাকার দিকে মনোযোগী হয়ে উঠতে পারেন। এর ফলে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হন এবং প্রত্যাশিত ফলাফল না পেলে নিজেদের দোষারোপ করেন। এ ছাড়া, অনুভূতি দমন করার অভ্যাস শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে এবং সামগ্রিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাই সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করার পরিবর্তে, নেতিবাচক হলেও প্রকৃত অনুভূতিগুলোকে স্বীকার করা এবং সেগুলোকে স্বাস্থ্যকরভাবে মোকাবিলা করা বেশি উপকারী।

এই বিষাক্ত ইতিবাচকতা মোকাবিলার মূল উপায় হলো কঠিন অনুভূতিগুলোকে অস্বীকার না করে সেগুলোর জন্য জায়গা তৈরি করে দেওয়া। হতাশা, রাগ, দুঃখ, কষ্ট, ভয় ইত্যাদিকে স্বাভাবিক অনুভূতি হিসেবে গ্রহণ করা।

অন্যদের বিষাক্ত ইতিবাচকতা প্রতিরোধের উপায় হলো সাধারণভাবে সেগুলো উপেক্ষা করা বা সহজভাবে 'Okay, thanks' বলা। তবে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে অন্য ব্যক্তিকে বোঝানো ভালো যে কীভাবে তিনি আরও কার্যকরভাবে সাহায্য করতে পারেন।

নিজের মধ্যেই বিষাক্ত ইতিবাচকতা থাকলে কী উপায়? কেউ কষ্টের কথা বললে থামা, চুপ থাকা এবং তাঁর কথা মনোযোগ দিয়ে শোনা। 'সব ঠিক আছে' বা 'সব ঠিক হয়ে যাবে'—এ রকম গতানুগতিক কথাবার্তা না বলে, 'তুমি এখন কেমন অনুভব করছ?', 'তুমি কি এ বিষয়ে কথা বলতে চাও?', 'আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি?'—এভাবে কথা বলাটা বেশি কার্যকর হতে পারে। 'পরিস্থিতিটা সত্যিই খুব কঠিন', 'আমি হলেও কষ্ট পেতাম', 'তুমি কেন এমন অনুভব করছ, আমি বুঝতে পারছি'—এভাবে কথা বললেও কষ্টের মধ্যে থাকা ব্যক্তির কিছুটা উপশম হয়।

বিশেষজ্ঞদের মতে, শুধু ইতিবাচক অনুভূতি নয়, সব ধরনের অনুভূতিই মানুষের স্বাভাবিক ও সুস্থ অভিজ্ঞতার অংশ। তাই নিজের বা অন্যের নেতিবাচক অনুভূতিকে দূর করার চেষ্টা না করে সেগুলোকে স্বীকৃতি দেওয়া, মনোযোগ দিয়ে শোনা এবং সহানুভূতির সঙ্গে মোকাবিলা করাই বেশি স্বাস্থ্যকর পদ্ধতি। 


ক্যাটাগরি: বিবিধ

         

  রেটিং: ৫

এই বিভাগের আরও পোস্ট

শিশু-কিশোররা জানুক ঘৃণাকথা সম্পর্কে

শিশু-কিশোররা জানুক ঘৃণাকথা সম্পর্কে

  • নওসিন সাদিয়া|
  •  ১৭-১১-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

৫

বিষাক্ত ইতিবাচকতা থেকে বাঁচতে হবে

বিষাক্ত ইতিবাচকতা থেকে বাঁচতে হবে

  • নওরিন নাহার মুনা|
  •  ১৩-১১-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

৫

চাকরি ছাড়ার ইতিবাচক দিক

চাকরি ছাড়ার ইতিবাচক দিক

  • ফারিয়া আক্তার জুঁহি |
  •  ১৯-১০-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

৪

ঘৃণাকথা ঠেকাতে হলে

ঘৃণাকথা ঠেকাতে হলে

  • রাইসা আশরাফ|
  •  ১০-১০-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

৫

মাদক-নির্ভরতা: অন্তহীন এক চক্র থেকে মুক্ত হতে পেরেছি

মাদক-নির্ভরতা: অন্তহীন এক চক্র থেকে মুক্ত হতে পেরেছি

  • অপু চৌধুরী|
  •  ২৫-০৮-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

৩

জীবনজয়ী ইতিবাচক বিষয়াদি নিয়ে সাজানো একটি বাংলা ওয়েবসাইট। উচ্ছ্বাস–উল্লাস–উৎসব এই সাইটের প্রাণকথা। সম্প্রীতি–সহমর্মিতা ও দয়াধর্ম-মানবতাকে উচ্চে রাখে জীবনজয়ী।