দুইবার নোবেল পেয়েছিলেন যে নারী


  • জীবনজয়ী ডেস্ক   ঢাকা, বাংলাদেশ |
  • প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৪
দুইবার নোবেল পেয়েছিলেন যে নারী
আজ মেরি কুরির জন্মদিন। ছবি: এআই দিয়ে নির্মিত

একটি ছোট পরীক্ষাগার। চারদিকে রাসায়নিক পদার্থ, যন্ত্রপাতি আর গবেষণার নানা উপকরণ। দিনের পর দিন সেখানে কাজ করে চলেছেন এক নারী। তার গবেষণার বিষয় এমন এক অদৃশ্য শক্তি, যার রহস্য তখনো পুরোপুরি জানা যায়নি। এই গবেষণাই একসময় বদলে দেবে বিজ্ঞানের ইতিহাস। এনে দেবে একের পর এক যুগান্তকারী আবিষ্কার, আর তাঁকে পৌঁছে দেবে নোবেল পুরস্কারের মঞ্চে।

তিনি মেরি কুরি। নোবেল পুরস্কার পাওয়া বিশ্বের প্রথম নারী। শুধু তা-ই নয়, তিনিই প্রথম ব্যক্তি, যিনি দুটি ভিন্ন বিষয়ে নোবেল জয় করেন। পদার্থবিজ্ঞান ও রসায়নে তার অবদান বিজ্ঞানের জগতে আজও স্মরণীয়। কিন্তু পোল্যান্ডের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে কীভাবে বিজ্ঞানের ইতিহাসে এমন জায়গা করে নিয়েছিলেন তিনি? কী ছিল তার এই অসাধারণ যাত্রার গল্প?

১৮৬৭ সালে আজকের দিনে (৭ নভেম্বর)  পোল্যান্ডের ওয়ারশতে জন্ম মেরি কুরির। তার প্রকৃত নাম ছিল মারিয়া স্ক্লোদোভস্কা। তার বাবা-মা দুজনেই ছিলেন শিক্ষক। আর্থিক অবস্থা খুব সচ্ছল না হলেও তারা সন্তানদের পড়াশোনা ও উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে উৎসাহ দিতেন।

মেরির লক্ষ্য ছিল বিজ্ঞানী হওয়া। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে প্রয়োজন ছিল উচ্চশিক্ষার সুযোগ। এ জন্য তিনি বড় বোন ব্রোনিয়ার সঙ্গে একটি চুক্তি করেন। মেরি কাজ করে ব্রোনিয়ার ফ্রান্সে চিকিৎসাবিদ্যায় পড়ার খরচ জোগাবেন। বিনিময়ে পরে ব্রোনিয়া তাকে উচ্চশিক্ষার জন্য সহায়তা করবেন।

কথামতো মেরি গভর্নেসের কাজ করে বোনের পড়াশোনার খরচ জোগান। পরে ব্রোনিয়ার সহায়তায় প্যারিসে যান তিনি। ভর্তি হন বিখ্যাত সরবোন বিশ্ববিদ্যালয়ে। সেখানে রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন।

গবেষণার জন্য একটি পরীক্ষাগারে কাজ করার সময় মেরির পরিচয় হয় বিজ্ঞানী পিয়ের কুরির সঙ্গে। পিয়ের ছিলেন সেই গবেষণাগারের তত্ত্বাবধায়ক।

চুম্বকত্ব নিয়ে দুজনের আগ্রহ এবং সাইকেল চালানোর প্রতি ভালোবাসা তাদের কাছাকাছি নিয়ে আসে। পরিচয়ের এক বছর পর ফ্রান্সের সেউ শহরে বিয়ে করেন তারা।

বিয়েতে উপহার হিসেবে পাওয়া অর্থ দিয়ে দুজন কিনেছিলেন সাইকেল। এরপর একসঙ্গে দীর্ঘ পথ সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতেন তারা।

তবে তাদের সম্পর্ক শুধু ব্যক্তিগত ভালোবাসায় সীমাবদ্ধ ছিল না। বিজ্ঞানের প্রতি একই রকম আগ্রহ তাঁদের একসঙ্গে গবেষণার পথেও নিয়ে যায়।

১৮৯৬ সালে পদার্থবিজ্ঞানী অঁরি বেকেরেলের আকস্মিকভাবে তেজস্ক্রিয়তা আবিষ্কারের ঘটনা মেরি কুরিকে আগ্রহী করে তোলে। তিনি ইউরেনিয়াম থেকে নির্গত রশ্মি নিয়ে গবেষণা শুরু করেন। পরে পিয়েরও তার সঙ্গে যোগ দেন।

দুই বছর পর, ১৮৯৮ সালে, এই দম্পতি আবিষ্কার করেন দুটি নতুন মৌল। একটি পোলোনিয়াম, যার নাম রাখা হয়েছিল মেরির জন্মভূমি পোল্যান্ডের নাম অনুসারে। অন্যটি রেডিয়াম।

তেজস্ক্রিয়তা নিয়ে তাদের যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবে ১৯০৩ সালে অঁরি বেকেরেলের সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান মেরি ও পিয়ের।

এর মধ্য দিয়ে নোবেলজয়ী প্রথম নারী হিসেবে ইতিহাসে জায়গা করে নেন মেরি কুরি।

কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি।

দ্বিতীয় নোবেল, এবার রসায়নে

১৯১১ সালে রেডিয়াম পৃথকীকরণসহ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রসায়নে নোবেল পুরস্কার পান মেরি কুরি।

এর মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন ইতিহাসের প্রথম ব্যক্তি, যিনি দুটি নোবেল পুরস্কার অর্জন করেন। তার দুটি পুরস্কারই ছিল ভিন্ন দুটি বিজ্ঞান শাখায়।

১৯০৬ সালে এক দুর্ঘটনায় মারা যান পিয়ের কুরি। এই শোকের মধ্যেই মেরিকে দেওয়া হয় পিয়েরের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদ।

এর মধ্য দিয়ে সরবোন বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী অধ্যাপক হন তিনি। এর মাত্র তিন বছর আগে, ১৯০৩ সালে, ফ্রান্সে প্রথম নারী হিসেবে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন মেরি।

বর্তমানে ফ্রান্সের অন্যতম প্রধান বৈজ্ঞানিক ও চিকিৎসাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান তাদের দুজনের নামেই পরিচিত।

যুদ্ধের ময়দানে বিজ্ঞানী মেরি

প্রথম বিশ্বযুদ্ধের সময়ও থেমে থাকেনি মেরির কাজ। চিকিৎসাক্ষেত্রে এক্স-রে ব্যবহারের দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের চিকিৎসার জন্য উদ্যোগ নেন।

তার প্রচেষ্টায় স্থাপন করা হয় কয়েক ডজন ভ্রাম্যমাণ ও স্থায়ী এক্স-রে কেন্দ্র। এসব কেন্দ্রের মাধ্যমে চিকিৎসকেরা যুদ্ধাহত সেনাদের আঘাত শনাক্ত করতে এবং চিকিৎসা দিতে পারতেন।

মেরির পরিচিতি অনুসারে এসব ভ্রাম্যমাণ এক্স-রে কেন্দ্রের নাম দেওয়া হয়েছিল ‘পেতিত কুরি’।

মায়ের পথেই মেয়ে আইরিন

মেরি কুরির বিজ্ঞানচর্চার উত্তরাধিকার ধরে রাখেন তার মেয়ে আইরিন কুরি। তিনিও পদার্থবিজ্ঞানে ডক্টরেট অর্জন করেন এবং কৃত্রিমভাবে তেজস্ক্রিয় মৌল তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন।

১৯৩৫ সালে স্বামী ফ্রেদেরিক জোলিওর সঙ্গে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পান আইরিন। কৃত্রিম তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়।

অর্থাৎ, মা ও মেয়ে দুজনই বিজ্ঞানে নোবেলজয়ী হয়েছেন।


বিজ্ঞানের প্রতি তার আজীবনের নিষ্ঠা আর অনুসন্ধিৎসার পরিচয় পাওয়া যায় তার রেখে যাওয়া একটি উক্তিতে:

“জীবনে ভয় পাওয়ার মতো কিছু নেই, আছে শুধু বোঝার বিষয়। এখনই সময় আরও বেশি বোঝার, যাতে আমাদের ভয় কমে আসে।”

মেরি কুরির এই কথাগুলো যেন তার পুরো জীবনকেই তুলে ধরে। অজানাকে ভয় না পেয়ে জানার চেষ্টা, বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া আর বিজ্ঞানের জন্য নিজেকে উৎসর্গ করা। এসব কারণেই আজও বিজ্ঞানজগতে এক অনন্য নাম মেরি কুরি।


ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

         

  রেটিং: ৩.৮

এই বিভাগের আরও পোস্ট

দুইবার নোবেল পেয়েছিলেন যে নারী

দুইবার নোবেল পেয়েছিলেন যে নারী

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ০৭-১১-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

৩.৮

কালো ফিতার আন্দোলন

কালো ফিতার আন্দোলন

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ০৩-১১-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

৫

বেসি কোলম্যান: তাঁর আকাশে ওড়া ঠেকানো যায়নি

বেসি কোলম্যান: তাঁর আকাশে ওড়া ঠেকানো যায়নি

  • জাওয়াহ বিনতে মিজান স্বর্ণা|
  •  ১৬-১০-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

০

ডেসমন্ড টুটু: এক আলোর পথযাত্রী

ডেসমন্ড টুটু: এক আলোর পথযাত্রী

  • জীবনজয়ী ডেস্ক|
  •  ০৭-১০-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

০

কেন মেরি ‘কুশ্রীতম নারীর’ শিরোপা নিয়েছিলেন?

কেন মেরি ‘কুশ্রীতম নারীর’ শিরোপা নিয়েছিলেন?

  • মো. গালিব বাশীর|
  •  ০৩-১০-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

০

ওসিওলা ম্যাককার্টি: মহৎপ্রাণ এক রজকিনী

ওসিওলা ম্যাককার্টি: মহৎপ্রাণ এক রজকিনী

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ১৯-০৯-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

০