অসাধারণ সাধারণেরা

কালো ফিতার আন্দোলন


  • জীবনজয়ী ডেস্ক   |
  • প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৪
কালো ফিতার আন্দোলন
ছবি: উইকিমিডিয়া

দক্ষিণ আফ্রিকায় তখন বর্ণবাদের চূড়ান্ত দাপট। সাল ১৯৫৫। নেলসন ম্যান্ডেলা তত দিনে বড় নেতা হয়ে উঠেছেন। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি দমন-পীড়ন থেকে বাঁচতে তিনি সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। শ্বেতাঙ্গ সরকারের তখন দৌর্দণ্ড প্রতাপ। এমন এক পরিস্থিতিতে বছরের মাঝামাঝি দেশটিতে ঘটল এক আশ্চর্য ঘটনা। মে মাসে সমাজের উচ্চমধ্যবিত্ত শ্রেণির ছয়জন শ্বেতাঙ্গ নারী মিলে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনটির নাম দেওয়া হয় ‘ওমেন্স ডিফেন্স অব দ্য কনস্টিটিউশন লিগ’। তবে এই নামে বেশিদিন পরিচিত থাকেনি সংগঠনটি। সংবাদমাধ্যম সংগঠনটির কার্যক্রমকে ‘দ্য ব্ল্যাক স্যাশ মুভমেন্ট’ নামে অভিহিত করতে থাকে। সংগঠনের সদস্যরা এক কাঁধের ওপর দিয়ে লম্বা কালো রঙের স্যাশ (Sash) বা ফিতা পরতেন। সেখান থেকেই এই নামের উৎপত্তি।

ব্ল্যাক স্যাশের প্রধান কাজ ছিল বর্ণবাদী নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা, পদযাত্রা ও বিক্ষোভের আয়োজন করা। অনেক সময় সংগঠনের সদস্যরা পার্লামেন্ট, আদালত ও সরকারি ভবনের সামনে নীরব অবস্থান কর্মসূচি পালন করতেন। রাষ্ট্রের হাতে জনগণের, বিশেষ করে কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার হরণের প্রতিবাদে কালো স্যাশ পরে তাঁরা শোক প্রকাশ করতেন।

নিজ সম্প্রদায়ের মানুষের আক্রোশের শিকার হওয়ার আশঙ্কা সত্ত্বেও ব্ল্যাক স্যাশ আন্দোলনের সূচনাকারী ছয় নারী তাঁদের কার্যক্রম শুরু করেন। তাঁরা হলেন জিন সিনক্লেয়ার, রুথ ফলি, এলিজাবেথ ম্যাকলারেন, টার্টিয়া পাইবাস, জিন বোসাজ্জা ও হেলেন নিউটন-থম্পসন। ধর্ম, বর্ণ, জাতি কিংবা সম্প্রদায়গত বিভেদ নয়, বরং সব মানুষকে সমান বিবেচনা করার মানসিকতা থেকেই এই ছয় শ্বেতাঙ্গ নারী নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্যের ঘেরাটোপ থেকে বেরিয়ে রাজপথে দাঁড়াতে পেরেছিলেন।

বর্ণবাদী সরকার সে সময় যখন-তখন বিক্ষোভ-সমাবেশ বন্ধ করে দিত। কিন্তু তাতেও থেমে যেতেন না ব্ল্যাক স্যাশের নারীরা। তাঁরা তখন একেকজন একেক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করতেন। কৃষ্ণাঙ্গ ও মিশ্র বর্ণের মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদ করে ব্ল্যাক স্যাশ বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

ব্ল্যাক স্যাশ শুধু প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি। রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার মানুষদের জন্য তারা আইনি সহায়তার ব্যবস্থা করত। বিনা বিচারে আটক, গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তথ্যও সংগঠনের পক্ষ থেকে নথিবদ্ধ করা হতো।

শ্বেতাঙ্গ বর্ণবাদীরা এই সংগঠনের সদস্যদের ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করত। শিক্ষিত ও উচ্চমধ্যবিত্ত শ্রেণির এই শ্বেতাঙ্গ নারীরা কেন কৃষ্ণাঙ্গদের পক্ষে দাঁড়াচ্ছেন, সেটাই ছিল তাদের ক্ষোভের প্রধান কারণ। বাস্তবতা হচ্ছে, নিজ সম্প্রদায়ের মানুষের নিন্দা ও সমালোচনার শিকার হয়েও এই নারীরা দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান পর্যন্ত তাঁদের কার্যক্রম চালিয়ে গেছেন। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম সর্বজনীন গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বর্ণবাদী শাসনের অবসান ঘটে। স্বয়ং নেলসন ম্যান্ডেলাও ব্ল্যাক স্যাশের এই অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্বীকৃতি দিয়েছিলেন। 


ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

         

  রেটিং: ৫

এই বিভাগের আরও পোস্ট

দুইবার নোবেল পেয়েছিলেন যে নারী

দুইবার নোবেল পেয়েছিলেন যে নারী

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ০৭-১১-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

৩.৮

কালো ফিতার আন্দোলন

কালো ফিতার আন্দোলন

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ০৩-১১-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

৫

বেসি কোলম্যান: তাঁর আকাশে ওড়া ঠেকানো যায়নি

বেসি কোলম্যান: তাঁর আকাশে ওড়া ঠেকানো যায়নি

  • জাওয়াহ বিনতে মিজান স্বর্ণা|
  •  ১৬-১০-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

০

ডেসমন্ড টুটু: এক আলোর পথযাত্রী

ডেসমন্ড টুটু: এক আলোর পথযাত্রী

  • জীবনজয়ী ডেস্ক|
  •  ০৭-১০-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

০

কেন মেরি ‘কুশ্রীতম নারীর’ শিরোপা নিয়েছিলেন?

কেন মেরি ‘কুশ্রীতম নারীর’ শিরোপা নিয়েছিলেন?

  • মো. গালিব বাশীর|
  •  ০৩-১০-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

০

ওসিওলা ম্যাককার্টি: মহৎপ্রাণ এক রজকিনী

ওসিওলা ম্যাককার্টি: মহৎপ্রাণ এক রজকিনী

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ১৯-০৯-২০২৬
ক্যাটাগরি: অসাধারণ সাধারণেরা

০