বিবিধ

শিশু-কিশোররা জানুক ঘৃণাকথা সম্পর্কে

মেটা-মোমেন্ট: ঘৃণাকথার জবাবে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে কয়েক মুহূর্ত থামতে হবে।
  • নওসিন সাদিয়া  |
  • প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২৩:০৯
শিশু-কিশোররা জানুক ঘৃণাকথা সম্পর্কে
ছবি: এআই

"মেয়েদের দিয়ে এসব হবে না। মেয়েদের এত স্বাধীনতা দেওয়া উচিত নয়।"

"ছেলেরা এমনই হয়। তাদের সঙ্গে মানিয়ে নিতে হয়।"

“ ক এলাকার মানুষ ওরা। ওদের বিশ্বাস করা যায় না।"

" খ ধর্মের লোকদের একেবারেই বিশ্বাস করা যায় না।"

" গ জাতিকে কোনো দিন বিশ্বাস কোরো না।"

"ওর গায়ের রং কালো। ওকে কে পছন্দ করবে?"

"ছোটরা কী জানে? ওদের কী মতামত দেওয়ার মতো বয়স হয়েছে?"

"ছেঁড়া কাঁথায় শুয়ে আকাশকুসুম স্বপ্ন দেখছে!"

এ ধরনের কথা আমাদের সবার কাছেই খুব পরিচিত। কখনো স্কুলের করিডোরে, কখনো পারিবারিক কোনো অনুষ্ঠানে, আবার কখনো ফেসবুকে এসব কথাবার্তা নিরন্তর চলছে। অনেক মানুষ এ ধরনের কথাবার্তা উপভোগ করেন। কেউ কেউ ভাবেন, এসব কথা নিয়ে ভাবনার কিছু নেই।

কিন্তু যাকে নিয়ে ঘৃণাকথা বলা হয়, তার কাছে এ ধরনের মন্তব্য নিছক কোনো মন্তব্য নয়। এ ধরনের কথাবার্তার ফলে তার বা তাদের আত্মবিশ্বাস কমতে থাকে। নিজেদের সম্পর্কে সংশয়-সন্দেহ দেখা দেয়। ভাবতে থাকে, 'আসলেই কি আমি বা আমরা পারব না? আমি বা আমরা কি সে বা তাদের চেয়ে খারাপ?' এভাবে ঘৃণাকথার অসুস্থ প্রভাব ছড়িয়ে পড়তে থাকে। এ ছাড়া ঘৃণাকথার প্রভাবে ব্যক্তি বা গোষ্ঠীর সুনাম, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়নের বেটার ইন্টারনেট ফর কিডস ওয়েবসাইটে প্রকাশিত লেখা অবলম্বনে জীবনজয়ীর এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক, ঘৃণাকথা কী, এর পেছনের কারণ ও প্রভাব কী এবং এ বিষয়ে শিশু-কিশোরদের করণীয় কী।

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্ম, লিঙ্গ, গায়ের রং, বংশপরিচয়, ভাষা, সামাজিক অবস্থান, জীবনযাপনের পদ্ধতিসহ যেকোনো পরিচয়কে আক্রমণ করে বা বৈষম্য ছড়িয়ে দিয়ে মন্তব্য করাকে সাধারণত ঘৃণাকথা (Hate Speech) বলা হয়।

ঐতিহাসিকভাবে দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে এ ধরনের ঘৃণাকথা বলার প্রচলন শুরু হয়। বর্তমানে ঘৃণাকথা শুধু সরাসরি নয়, বরং অনলাইনে ছবি, ভিডিও, মিম ও ফেসবুকের মন্তব্যের মাধ্যমেও ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে।

মানুষ কেন ঘৃণাকথা ছড়ায়? 

'আমরা' বনাম 'ওরা' (Us vs Them) এই শ্রেষ্ঠত্বের অনুভূতি থেকেই ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছায় বা অনিচ্ছায় অন্যদের ক্ষতি করতে ঘৃণাকথা বলে থাকে। সহজ কথায় বললে, 'আমরা ভালো, ওরা খারাপ' এই ধারণা প্রকাশের উদ্দেশ্যে অন্যকে ছোট করার মাধ্যমেই ঘৃণাকথার চর্চা শুরু হয়।

শুধু কি সাধারণ মানুষ ঘৃণাকথা ছড়ায়?

কোনো সংগঠিত গোষ্ঠী, জনপ্রিয় ব্যক্তি বা ইনফ্লুয়েন্সার, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ের পরিচিত ব্যক্তিরাও ঘৃণাকথা ছড়াতে পারেন। আবার মূলধারার সংবাদমাধ্যমও পক্ষপাতদুষ্ট হয়ে শব্দচয়ন বা উপস্থাপনার মাধ্যমে কোনো নির্দিষ্ট গোষ্ঠী সম্পর্কে নেতিবাচক ধারণাকে শক্তিশালী করে ঘৃণাকথা ছড়াতে পারে।

এখানে পড়ুন: ঘৃণাকথা ঠেকাতে হলে 

কারা বেশি ঘৃণাকথার শিকার হয়? এর প্রভাব কী কী হতে পারে?

দেশ ও সমাজভেদে প্রধানত নারী, জাতিগত ও বর্ণগত সংখ্যালঘু এবং ধর্মীয় সংখ্যালঘুরা ঘৃণাকথার লক্ষ্যবস্তু হয়ে থাকেন।

ঘৃণাকথার একটি উদ্দেশ্য হলো মানুষের মধ্যে তীব্র আবেগ তৈরি করে অসহায়ত্বের অনুভূতি জাগিয়ে তোলা। এর ফলে আক্রান্ত ব্যক্তিরা রাগ, ভয়, কষ্ট ও দুশ্চিন্তায় আত্মবিশ্বাস হারান। নিজের মূল্যবোধ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। মত প্রকাশের সাহসও হারিয়ে ফেলেন। এমনকি কর্মক্ষমতা কমে যেতে পারে। বাস্তব জীবনের নিরাপত্তা নিয়েও সংশয়ে ভুগতে পারেন।

অভিভাবকদের উচিত শিশুকাল থেকেই সন্তানদের ঘৃণাকথা সম্পর্কে ধারণা দেওয়া। বড়দের নিজেদের কথা ও আচরণ সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। ভিন্ন জাতি, ভিন্ন ধর্ম, ভিন্ন দেশ ও ভিন্ন জীবনাচরণ সম্পর্কে অপমানজনক, বিদ্রুপাত্মক বা বিদ্বেষমূলক কথাবার্তা শিশুদের সামনে না বলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ অভিভাবকদের অজান্তেই এসব নেতিবাচক ভাবনা শিশুর মনে ঢুকে যায়।

শিশুদের মধ্যে উন্নত চিন্তাভাবনার বিকাশ ঘটাতে চাইলে সংকীর্ণ চিন্তার পরিবর্তে বৈচিত্র্যের পক্ষে অবস্থান নিতে শেখানো প্রয়োজন।

ঘৃণাকথার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বড়রা বলতে পারেন:

"আমরা এ ধরনের শব্দ ব্যবহার করি না। এটা কষ্টদায়ক ও অসম্মানজনক।"

চাইলে এ কথাও বলতে পারেন:

"পৃথিবীর সবাই যদি এক রকম হতো, পৃথিবীটা একঘেয়ে হয়ে যেত। ভিন্ন মানুষও সমান মর্যাদা ও সম্মানের যোগ্য। বোঝাপড়া, আলোচনা ও সহমর্মিতার ভিত্তিতেই বৈচিত্র্য টিকে থাকে।"

অধিকার ও চর্চার সীমারেখা সম্পর্কে শিশু-কিশোরদের স্পষ্ট ধারণা দেওয়া দরকার। যেমন:

ঘৃণাকথা বনাম মতপ্রকাশের স্বাধীনতা

মতপ্রকাশের স্বাধীনতা একটি মানবাধিকার। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে প্রয়োজন মনে হলে সমালোচনা করা যেতে পারে। কিন্তু সেই ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণ ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে ঘৃণামূলক ভাষা প্রয়োগ করলে মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার হয়। এ ছাড়া যাকে বা যাদের উদ্দেশ্য করে ঘৃণামূলক কথা বলা হচ্ছে, তারা নিজেদের মতামত প্রকাশের ক্ষেত্রেও নিরাপত্তাবোধ করেন না।

ঘৃণাকথার মুখোমুখি হলে শিশু-কিশোররা কী করবে?

১. পরিস্থিতি বুঝে ভেবেচিন্তে উত্তর দেবে।

২. বিশ্বস্ত মানুষের কাছে সাহায্য চাইবে।

৩. নিজ দেশ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইন অনুযায়ী সহায়তা নেবে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করবে।

৪. অভিজ্ঞতাটি মানসিকভাবে কষ্টদায়ক হলে সহায়তাকারী প্রতিষ্ঠানের কাছে যাবে এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করবে।

৫. অনলাইন পরিসরে এ ধরনের ঘটনার মুখোমুখি হলে প্রমাণ সংরক্ষণ করবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা অ্যাকাউন্টকে ব্লক ও রিপোর্ট করবে।

সবাইকে বদলানো সম্ভব নয়। তাই ইতিবাচক থাকার পাশাপাশি শিশু-কিশোররা নিজেদের জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারে।

মেটা-মোমেন্ট: ঘৃণাকথার জবাবে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে কয়েক মুহূর্ত থামতে হবে। ধীরে ধীরে শ্বাস নিয়ে মন শান্ত করতে হবে। এ সময় চাইলে অন্যদিকে মনোযোগ দিতে ফোন থেকে দূরে থাকা কিংবা একটু হাঁটতে যাওয়া যেতে পারে।

বেস্ট অনলাইন সেলফ: শিশু-কিশোররা নিজেদের একজন ভালো অনলাইন সত্তা হিসেবে কল্পনা করবে। নিজেকে প্রশ্ন করবে: 'আমার সবচেয়ে ভালো সংস্করণ হলে আমি এখন কী করতাম?'

যেমন: কথা বলার আগে নিশ্চয়ই ভাবতাম, অন্যের অনুভূতির কথা বিবেচনা করতাম এবং প্রয়োজনে অন্যদের সমর্থন করতাম।

সর্বোপরি, ঘৃণাকথার জবাব আরেকটি ঘৃণাকথা নয়। একটু থামা। একটু ভাবা। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা করাই হবে সঠিক পন্থা। 

এখানে পড়ুন: বিষাক্ত ইতিবাচকতা থেকে বাঁচতে হবে



ক্যাটাগরি: বিবিধ

         

  রেটিং: ৫

এই বিভাগের আরও পোস্ট

শিশু-কিশোররা জানুক ঘৃণাকথা সম্পর্কে

শিশু-কিশোররা জানুক ঘৃণাকথা সম্পর্কে

  • নওসিন সাদিয়া|
  •  ১৭-১১-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

৫

বিষাক্ত ইতিবাচকতা থেকে বাঁচতে হবে

বিষাক্ত ইতিবাচকতা থেকে বাঁচতে হবে

  • নওরিন নাহার মুনা|
  •  ১৩-১১-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

৫

চাকরি ছাড়ার ইতিবাচক দিক

চাকরি ছাড়ার ইতিবাচক দিক

  • ফারিয়া আক্তার জুঁহি |
  •  ১৯-১০-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

৪

ঘৃণাকথা ঠেকাতে হলে

ঘৃণাকথা ঠেকাতে হলে

  • রাইসা আশরাফ|
  •  ১০-১০-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

৫

মাদক-নির্ভরতা: অন্তহীন এক চক্র থেকে মুক্ত হতে পেরেছি

মাদক-নির্ভরতা: অন্তহীন এক চক্র থেকে মুক্ত হতে পেরেছি

  • অপু চৌধুরী|
  •  ২৫-০৮-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

৩

জীবনজয়ী ইতিবাচক বিষয়াদি নিয়ে সাজানো একটি বাংলা ওয়েবসাইট। উচ্ছ্বাস–উল্লাস–উৎসব এই সাইটের প্রাণকথা। সম্প্রীতি–সহমর্মিতা ও দয়াধর্ম-মানবতাকে উচ্চে রাখে জীবনজয়ী।