সাক্ষাৎকার: সৌমিক সেন। চলচ্চিত্র পরিচালক ও কাহিনিকার

জুবিলিতে যে চরিত্রটা বুম্বাদা করেছেন তাতে উত্তম কুমার দুর্দান্ত হতেন: সৌমিক সেন

গডফাদার-এর ডন ভিটো কর্লিওনি চরিত্রে উত্তম কুমারকে নিতে আমার খুব ভালো লাগত
  • রিতু চক্রবর্ত্তী   |
  • প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২৩:৪৩
জুবিলিতে যে চরিত্রটা বুম্বাদা করেছেন তাতে উত্তম কুমার দুর্দান্ত হতেন: সৌমিক সেন
পরিচালক ও চিত্রনাট্যকার সৌমিক সেন, ছবি: জীবনজয়ী

সৌমিক সেন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। ২০১৪ সালে গুলাব গ্যাং সিনেমা পরিচালনার মধ্য দিয়ে হিন্দি সিনেমার জগতে তাঁর অভিষেক। গুলাব গ্যাং-এ প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত ও জুহি চাওলা। ২০১৯ সালে মুক্তি পায় তাঁর ছবি হোয়াই চিট ইন্ডিয়া। একই বছর সৌমিক সেনের বাংলা ছবি মহালয়া পর্দায় আসে। এই ছবিতে মূল চরিত্র বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায়। আর উত্তম কুমারের চরিত্রে রূপদান করেছেন যিশু সেনগুপ্ত। চলতি বছর মার্চ থেকে সৌমিক সেনের আট পর্বের টিভি সিরিজ জ্যাজ সিটি প্রচারিত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে প্রেক্ষাপটে রেখে নির্মিত এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি ভাষায় সিরিজটির ডাবিং হয়েছে।

পরিচালনার পাশাপাশি কাহিনিকার হিসেবেও সুখ্যাতি রয়েছে সৌমিক সেনের। নিজের পরিচালিত সিনেমাগুলো ছাড়াও কাহিনি লিখেছেন মেরি পেয়ারি বিন্দু, হাম তুম অর ভূত, মীরাবাই নট আউট, রু-বা-রু, অ্যান্টনি কৌন হ্যায়?—এর মতো সিনেমার। সহ-নির্মাতা হিসেবে তিনি ভূমিকা রেখেছেন ২০১৩ সালের হিন্দি পিরিয়ড ড্রামা জুবিলি নির্মাণে।

বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সৌমিক সেন গত ৬ অক্টোবর দীর্ঘ সময় নিয়ে কথা বলেছেন জীবনজয়ীর সঙ্গে। জীবনজয়ীর পক্ষ থেকে তাঁর সঙ্গে কথা বলেছেন রিতু চক্রবর্তী।

জীজ: উত্তম কুমারের চলে যাওয়ার পর অনেক বছর পেরিয়ে গেছে। অথচ এখনো তাঁকে নিয়ে বিস্তর আলোচনা হয়। তিনি এখনো সমানভাবে প্রাসঙ্গিক। এত বছর পর, এত তারকার আসা-যাওয়ার পরও উত্তম কুমার কেন এতটা প্রাসঙ্গিক? কেন তাঁকে নিয়ে এত আলোচনা?

সৌমিক সেন: প্রথম কথা হচ্ছে গল্প। যে গল্পগুলো নিয়ে তখন চলচ্চিত্র নির্মিত হতো, সেগুলোর অনেকগুলোই উপন্যাসভিত্তিক। মহান সাহিত্য আসলে চিরন্তন। উত্তম কুমারের চলচ্চিত্রগুলোর গল্পও কালজয়ী। তা না হলে এত বছর পরও সেগুলো টিকে থাকত না। মানুষ সেই গল্পগুলো দেখতে আসত।

আবার এটাও ঠিক যে, সেসব ছবিতে তিনি অসাধারণ অভিনয় করেছেন।

আরেকটা কথা, তখনকার দিনের সেরা কাজগুলোও তাঁর কাছে আসত। অবশ্য তার মানে এই নয় যে উত্তম কুমার ছাড়া অন্যদের ছবি দর্শক গ্রহণ করেননি। আমরা কাঁচ কাটা হীরে দেখেছি কিংবা সাত পাকে বাঁধা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাজ। গল্পের চরিত্রে নিজেকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন!

তবে এটাই সত্য যে সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমার নন, কোনো দিনও ছিলেন না।

জীজ: সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেও নিশ্চয় তা কখনোই চাননি?

সৌমিক সেন: একদম ঠিক। আমার মনে হয়, নিষ্ঠার দিক থেকে উত্তম কুমার সেরা। নিজের শারীরিক পরিবর্তনও তিনি বুঝতে পেরেছিলেন। তখনকার দিনে তো জিমে যাওয়ার সুযোগ বা সংস্কৃতি আজকের মতো ছিল না।

তিনি বুঝলেন, আমি চিরকাল তো নায়ক থাকতে পারব না। তাই আমি চরিত্রনির্ভর ছবি বানাব—ফলে বাঘবন্দি খেলা, অগ্নিশ্বর, সন্ন্যাসী রাজা তৈরি হলো। স্ত্রী-এর মতো ছবি তৈরি হলো।

আমরা দেখি যে সময়ের সঙ্গে সঙ্গে উত্তম কুমার নিজেকে সম্পূর্ণভাবে নিজের পরিচিত অভিনয়ধারার বিপরীতে নিয়ে যাচ্ছেন। নিজের অভিনয়ের ধরন সম্পূর্ণ বদলে ফেলার এই সাহসের জায়গায় তিনি অতুলনীয়।

বর্তমান সময়ের একটা উদাহরণ দিই। যে মানুষটাকে আমি পৃথিবীতে সম্ভবত আমার মা-বাবার পরেই সবচেয়ে বেশি ভালোবাসি, তিনি হলেন লিওনেল মেসি। আজ তিনি অবসরে যাচ্ছেন। মেসি বেশ আগেই বুঝেছিলেন, তাঁর উদ্যম ও সামর্থ্য চিরকাল একপর্যায়ে থাকবে না। তাই তিনি একটা পর্যায়ে এসে খেলার ধরন বদলালেন। ভাবলেন, কিছু বৈচিত্র্য যোগ করা যাক। উত্তম কুমার সে রকম। তিনি আজকের রোনালদো হননি—যে কুড়ি বছর আগেও যেভাবে খেলতাম, কুড়ি বছর পরেও সেভাবেই খেলব। উত্তম কুমার সময়ের সঙ্গে সঙ্গে নতুন দক্ষতা ও সক্ষমতা নিয়ে হাজির হয়েছিলেন।

আমরা সিনেমা বানাই, কারণ আমরা বিশ্বাস করি, আমাদের কাজ হলো দর্শকদের চমকে দেওয়া।

উত্তম কুমারের মধ্যেও এই বিষয়টি ছিল। ওগো বধূ সুন্দরীর কথা ভাবুন। আবার মৌচাক করলেন। সেখানে তিনি কেন্দ্রীয় চরিত্র নন, কেন্দ্রীয় চরিত্রে রঞ্জিত মল্লিক। সেটাও ঠিক আছে। আবার বাঘবন্দি খেলা সম্পূর্ণ চরিত্রনির্ভর কাজ। এই যে নমনীয়তা, বিভিন্ন চলচ্চিত্রকারের সঙ্গে কাজ করার ক্ষমতা, সেটাও গুরুত্বপূর্ণ। এখানে নাগরিক, দুই পৃথিবীর মতো ছবির কথাও বলা যায়।

পরবর্তী প্রজন্মের অভিনেতারা কেন সেই ক্যারিশমা ধরে রাখতে পারেননি, তার একটি নির্দিষ্ট কারণ হলো অতিরিক্ত প্রচার ও উপস্থিতি। উত্তম কুমারের পরের প্রজন্মের সবাই যখন তারকা হতে এসেছেন, তখন সবাই উত্তম কুমারের মতো হতে চেয়েছেন বা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছেন।

এর মধ্যে বাড়িতে ভিসিআর চলে এসেছে। যাঁদের ভিসিআর কেনার সামর্থ্য ছিল, তাঁদের অনেকে আর সিনেমা হলে আসতেন না। ফলে হলের অবস্থা খারাপ হতে শুরু করে। অভিনেতা চিরঞ্জিৎ খুব সুন্দর একটা কথা বলেছিলেন—দর্শকের শ্রেণিগত পার্থক্য তৈরি হয়েছিল, ভিন্ন শ্রেণির মানুষ প্রেক্ষাগৃহে আসতে শুরু করল। সাহিত্যনির্ভর কাজের প্রত্যাশা ছিল। কিন্তু দর্শক বদলে গিয়েছিল। তখন সিনেমাগুলো হতে শুরু করল একটু বাস্তবতা থেকে পালানোর প্রবণতাসম্পন্ন ঘরানার, একটু উচ্চকণ্ঠ ও অতিরঞ্জিত।

একটা সময় উত্তম কুমারের যে একান্ত স্বাতন্ত্র্য ছিল, সেটা ধীরে ধীরে হারিয়ে যায়। এর একটি বড় কারণ হলো, প্রতি শনিবার-রবিবার যখন টেলিভিশনে উত্তম কুমারের ছবি দেখানো হতো, তখন দর্শক নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে তাঁকে তুলনা করতে শুরু করেন। টেলিভিশনে উত্তম কুমারের সিনেমা দেখার পর অন্যদের অভিনয়ও তাঁরা তুলনা করে দেখতে শুরু করেন। তাঁরা তুলনা করা শুরু করলেন—উত্তম কুমার কী করেছিলেন, আর এরা কী করছে।


জীজ: উত্তম কুমার এলে, অবধারিতভাবেই আরেকটা নাম চলে আসে—সুচিত্রা সেন। উত্তম-সুচিত্রা এই জুটির মতো কালজয়ী জুটি এখনো পর্যন্ত হয়নি, এটাও বলা হয়। এই জুটির মাহাত্ম্য কী? আসলে তো আরও অনেক নায়িকার সঙ্গে উত্তম কুমার কাজ করেছেন, সুচিত্রা সেনও অনেক নায়কের সঙ্গে কাজ করেছেন। আপনার কী মনে হয়?

সৌমিক সেন: সুচিত্রা সেন সব সময় নিজের মতো চলতেন, প্রচণ্ড স্বাধীনচেতা একজন। উত্তম কুমারের বিপরীতে অধিকাংশ ছবিতে উত্তম কুমার ও তাঁর সম্পর্কের মধ্যে টানাপোড়েনের ব্যাপারটা থাকে। তাঁদের সম্পর্কের সমীকরণ বারবার বদলায়। আমার মনে হয়, এর মধ্যে কিছুটা অহংকেন্দ্রিক ব্যাপারও আছে। উত্তম তাঁকে হারিয়ে ফেলছেন, আবার তাঁকে জয় করে নিজের কাছে ফিরিয়ে আনছেন। কখনো সুচিত্রা চলে যাচ্ছেন। এত শক্তিশালী ব্যক্তিত্বের নারী—সুচিত্রা সেন ছিলেন এখানে অনন্য, আমার মনে হয়।

উত্তমের সঙ্গে যখন আমরা অন্য কোনো অভিনেত্রীকে দেখি, মনে হয়, হ্যাঁ, হয়ে যাবে। কিন্তু সুচিত্রার সঙ্গে বিষয়টা এমন নয়। তাঁকে পেতে উত্তমকে চেষ্টা করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। এই বিষয়টাই আর কী।

তবে আমি শুধু সুচিত্রার কথা বলব না।

বাংলা ছবিতে সুপ্রিয়ার ক্ষেত্রেও একই ধরনের বিষয় দেখা যায়। তাঁর চরিত্রের মধ্যেও সময় ও সমাজের অন্য রূপ দেখতে পাই। তিনি অসম্ভব সুন্দর দেখতে ছিলেন। তাঁর কথা বলার ধরন, স্টাইলও ছিল আলাদা। তিনি অত্যন্ত ভালো অভিনয় করেছেন। তাঁর চরিত্রগুলো ছিল বেশ শক্তিশালী এবং একধরনের সাহসী ব্যক্তিত্বের অধিকারী।

জীজ: সুচিত্রা সেনের সঙ্গে উত্তম কুমারের যে বিশেষ রসায়ন আমরা দেখি, যেভাবে দুজনের মধ্যে মিল তৈরি হয়, সুপ্রিয়া দেবী বা সাবিত্রীর সঙ্গে তা দেখা যায় কি?

সৌমিক সেন: সুচিত্রা সেনকে যে গল্পগুলোতে তুলে ধরা হয়েছে, সেগুলোরও একটা কৃতিত্ব আছে এখানে—গল্প ও চরিত্রের। আবার উত্তম কুমার-সাবিত্রীর ছবিগুলোর ক্ষেত্রে অভিনয়ের সময়জ্ঞানটাই আসল। সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয়ের ব্যাপ্তি আলাদা। উত্তম কুমার-সাবিত্রীকে দেখতে মনে হয় তাঁরা এক স্বচ্ছন্দ যুগল, তাই না? অঞ্জনা ভৌমিকের ক্ষেত্রেও একই কথা। আমার মনে হয়, অঞ্জনা ছিলেন অবিশ্বাস্য রকমের অসাধারণ!

জীজ: আপনার মতে উত্তম কুমারের কোন সিনেমাটা আপনি একদম সবার আগে রাখবেন? মানে উত্তম কুমারের কোন ছবিটা আপনার কাছে সেরা মনে হয়?

সৌমিক সেন: নায়ক। এখানে উত্তম কুমার যেন নিজেরই ভূমিকায় অভিনয় করছেন।

জীজ: উত্তম কুমারের জন্য সেরা পরিচালক কে ছিলেন?

সৌমিক সেন: সত্যজিৎ রায়—নায়ক এবং চিড়িয়াখানা। চিড়িয়াখানা আমার মতে বাংলা সিনেমার ইতিহাসে গোয়েন্দা চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ উপস্থাপন!

তবে উত্তম কুমার কিন্তু পরিচালকনির্ভর ছিলেন না। আপনি শুধু তাঁকে কাজের উপাদান দিয়ে দিন, তিনি খুব ভালো করেই জানতেন কীভাবে সেগুলোকে নিজের মতো করে গড়ে তুলতে হয়।

জীজ: এখনকার যে পরিচালকরা কাজ করছেন, তাঁদের মধ্যে কে উত্তম কুমারের জন্য সেরা পরিচালক হতেন বলে আপনার মনে হয়? কার সঙ্গে কাজ করতে উত্তম কুমার স্বচ্ছন্দ বোধ করতেন?

সৌমিক সেন: তিনি যে কারও সঙ্গে কাজ করতে পারতেন। তবে ঋতুপর্ণ ঘোষ উত্তম কুমারকে  পরিচালনা করলে আমার খুব ভালো লাগত। ঋতুপর্ণের হিন্দি ছবি রেইনকোট-এ অজয় দেবগনের করা চরিত্রটি তরুণ বয়সের উত্তম কুমারকে দিয়ে করালে দারুন হতো। হ্যাঁ, রেইনকোট-এ উত্তম কুমার—আমার মনে হয়, এটা দারুণ হতো!

তবে দুটো সময় আলাদা। দর্শক বদলে গেছে, প্রযুক্তি বদলে গেছে।

জীজ: আপনি নায়ক-এর কথা বলেছেন, চিড়িয়াখানার কথা বলেছেন। এগুলো বাদে, উত্তম কুমারকে আর কোন ধরনের চরিত্র সবচেয়ে ভালো মনে হয়?

সৌমিক সেন: তিনি যেকোনো কিছুই করতে পারতেন। আমার কাছে মনে হয় না, এমন কোনো চরিত্র আছে যা তিনি করতে পারতেন না। তিনি সবকিছুই করতে পারতেন! তাঁর নীরবতারও একটা ভাষা ছিল। কোনো কথা না বলেও সবকিছু বলে দিতেন। তাঁর বুদ্ধিদীপ্ত রসবোধ, অভিনয়ের সময়জ্ঞান, কৌতুকাভিনয়ের দক্ষতা, নীরবতা, কথোপকথন—সবকিছুই ছিল তাঁর মধ্যে। উনি যেভাবে গানে ঠোঁট মেলাতেন, সেটাও অসাধারণ। নিজে গাইতেন, সুর দিতেন—একজন পরিপূর্ণ শিল্পী!

Image
উত্তম কুমার, ছবি: ইমরুল আহসান 

জীজ: আপনার হাতে দায়িত্ব থাকলে, কোন সিনেমায় তাঁকে কাস্ট করতেন?

সৌমিক সেন: গডফাদার-এর বাংলা সংস্করণে  ডন ভিটো কর্লিওনি চরিত্রে উত্তম কুমারকে নিতে আমার খুব ভালো লাগত।

জীজ: আর আপনার কোন সিনেমাতে? 

সৌমিক সেন: জুবিলিতে যে চরিত্রটা বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) করেছেন তাতে উত্তম কুমার দুর্দান্ত হতেন। আর জ্যাজ সিটিতে যে চরিত্রটা আরিফিন শুভ করেছেন। এটায় কিন্তু চৌরঙ্গী সিনেমাতে উত্তম কুমার অভিনীত অবিস্মরণীয় স্যাটা বোসের প্রভাব আছে।

জীজ: বিভিন্ন ধরনের শোতে বা পডকাস্টে উত্তম কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে একটা তুলনা আনার চেষ্টা হয়। এই তুলনাটা কেন? তাঁরা দুজন তো বেশ আলাদা ছিলেন। তাহলে এই তুলনা আনার চেষ্টা কেন করা হয়?

সৌমিক সেন: আমার মনে হয়, যেজন্য মেসি ও রোনাল্ডোর মধ্যে তুলনা করা হয়। তাঁরা নিঃসন্দেহে একই রকম নন। কিন্তু যেহেতু একই সময়ে দুজনই আছেন, তাই আর কী। উত্তম কুমার কি সাত পাকে বাঁধা করতে পারতেন? আমার সন্দেহ আছে। কেউ উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে তুলনা করছেন—এতে উত্তম কুমারের কিছু করার নেই, সৌমিত্র চট্টোপাধ্যায়েরও কিছু করার নেই। তাঁরা নিজেদের কাজটাই করছিলেন। এই তুলনাটা আসলে অবান্তর।

জীজ: বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে উত্তম কুমারকে কীভাবে নিয়েছিল ওই সময়টাতে?

সৌমিক সেন: নেয়নি তো! নানা মুনির নানা মত। উনি চেয়েছিলেন, হেমন্তবাবু তাঁকে চলচ্চিত্রে অভিষেক করান। কিন্তু পরে উত্তম সরে যান। কারণ, তিনি নায়িকাভিত্তিক ছবি করতে চাননি। এতে বিশ্বজিতের সুযোগ তৈরি হয়। তাই বিশ্বজিতের হিন্দি সিনেমার ক্যারিয়ারের পুরো কৃতিত্ব উত্তম কুমারের।

একটা সময় অভিনয়শিল্পী নির্বাচন নিয়ে গণ্ডগোল হয়। উত্তম কুমার গৃহপ্রবেশ থেকে সরে দাঁড়ান, যেটা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁকা চোখে দেখে। এগুলো অবশ্য অন্যের কাছ থেকে পাওয়া তথ্য।

জীজ: আমাদের শেষ প্রশ্ন। মহালয়ায় আপনি যীশু সেনগুপ্তকে কেন উত্তম কুমারের চরিত্রে কাস্ট করলেন?

সৌমিক সেন: আমি এমন একজনকে চেয়েছিলাম, যাঁর নিজস্ব ব্যক্তিত্বের আকর্ষণ আছে। তাঁকে দেখতে উত্তম কুমারের মতো হতে হবে, এমন কোনো শর্ত ছিল না। এ ব্যাপারে আমি খুব স্পষ্ট ছিলাম। আমি একজন অভিনেতা চেয়েছিলাম। মহালয়াতে আমি তো শুধু উত্তম কুমারের বিশাল ব্যক্তিত্বটাই দেখাচ্ছি না। আমি এমন একজনকে দেখাচ্ছি, যিনি সুপারস্টার, কিন্তু ভেতরে ভেতরে সংবেদনশীল ও সংশয়গ্রস্ত।

একজন সুপারস্টার, যার মনে সংশয় আছে—কাজটা করতে পারব তো? এই সংশয়টা থাকা স্বাভাবিক। সবাই বলত, আপনি নামলেই তো পারেন। অথচ তিনি ক্রমাগত বলছেন, ‘না, আমি কি এই কাজের জন্য উপযুক্ত?’ এই দ্বৈততা, এই আশঙ্কা ও সংশয়ের জায়গাটার জন্যই যিশুকে উপযুক্ত মনে হয়েছে।

জীজ: জীবনজয়ীকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

সৌমিক সেন: আপনাকেও ধন্যবাদ।  

এখানে পড়ুন: চেঙ্গিস খানের ভালোবাসা 


ক্যাটাগরি: সাক্ষাৎকার

         

  রেটিং: ৩.৭

এই বিভাগের আরও পোস্ট

জুবিলিতে যে চরিত্রটা বুম্বাদা করেছেন তাতে উত্তম কুমার দুর্দান্ত হতেন: সৌমিক সেন

জুবিলিতে যে চরিত্রটা বুম্বাদা করেছেন তাতে উত্তম কুমার দুর্দান্ত হতেন: সৌমিক সেন

  • রিতু চক্রবর্ত্তী |
  •  ১১-১১-২০২৬
ক্যাটাগরি: সাক্ষাৎকার

৩.৭

সংবেদনশীল মানুষরা সবাই আমাদের সঙ্গে আছেন: ডা. ফওজিয়া মোসলেম

সংবেদনশীল মানুষরা সবাই আমাদের সঙ্গে আছেন: ডা. ফওজিয়া মোসলেম

  • রিতু চক্রবর্ত্তী |
  •  ২৯-০৮-২০২৬
ক্যাটাগরি: সাক্ষাৎকার

৪.২

বাংলাদেশের ব্যাপারে আমার একটা নাড়ির টান রয়েছে: অনিরুদ্ধ মিত্র

বাংলাদেশের ব্যাপারে আমার একটা নাড়ির টান রয়েছে: অনিরুদ্ধ মিত্র

  • মাসুমা হক প্রিয়াংকা |
  •  ২১-০৮-২০২৬
ক্যাটাগরি: সাক্ষাৎকার

৪.২

প্রত্যেক মানুষেরই নিজস্ব একটি শক্তি থাকে: চয়ন কুমার সিংহ

প্রত্যেক মানুষেরই নিজস্ব একটি শক্তি থাকে: চয়ন কুমার সিংহ

  • মাসুমা হক প্রিয়াংকা|
  •  ১৭-০৭-২০২৬
ক্যাটাগরি: সাক্ষাৎকার

৫

পর্ব দুই: ভালো বই প্রকাশ করতে পারলে তৃপ্তি পাই

পর্ব দুই: ভালো বই প্রকাশ করতে পারলে তৃপ্তি পাই

  • শরীফ নূরজাহান |
  •  ১০-০৬-২০২৬
ক্যাটাগরি: সাক্ষাৎকার

৫