নাই নেট: স্বেছায় ইন্টারনেট ছাড়া চব্বিশ ঘন্টা

ইন্টারনেট না থাকলে জীবন খুব বেশি মন্দ হতো না


  • নাবিলা জান্নাত  বরিশাল বিশ্ববিদ্যালয় |
  • প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ২২:১৬
ইন্টারনেট না থাকলে জীবন খুব বেশি মন্দ হতো না
ছবি: এআই

সারাদিন ইন্টারনেট ছাড়া কাটালাম। স্মার্টফোন ব্যবহারের শুরু থেকে আজ পর্যন্ত এই প্রথম একটা গোটা দিন মোবাইল ডেটা অন না করে কাটালাম। আমার এই নাই নেটের দিনটি রীতিমতো ইন্টারেস্টিং কেটেছে, যা আমি আসলেই ভাবিনি। দিনটা শুরু হয়েছে ফজরের নামাজের মধ্য দিয়ে। আমি রোজ ফজরের নামাজের পর বাসায় কল দিয়ে কথা বলি আর আমার হাজব্যান্ডকে গুড মর্নিং বলি। আজও ব্যতিক্রম হলো না। অভ্যাসবশত মেসেঞ্জারে প্রবেশ করার জন্য মোবাইলের ডেটা অন করতে যাচ্ছিলাম। তারপর মনে হলো, আজ তো আমি জীবনজয়ীর নাই নেটে আছি। সারাদিনে অন্তত বিশবার এমন হয়েছে যে আমি মোবাইল ডেটা অন করতে গেছি। দিনটি ছিল ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি।

যেহেতু নেট অন করা যাবে না, তাই অবসর কাটানোর জন্য সকালবেলা একটা বই নিয়ে বসলাম। ঘণ্টা চারেক ধরে একটানা পড়লাম পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’ বইটি। অনেক দিন পর অবসরে বই পড়ে এতটা সময় কাটালাম। এর মধ্যেও অবশ্য কয়েকবার ফোন হাতে নিয়ে ফেলেছি। একবার তো ডেটা অন না করেই ফেসবুকে ঢুকে যাই। তারপর মনে পড়তেই ফোন সরিয়ে রাখি।

এখানে পড়ুন: ইন্টারনেট ছাড়া এক শান্তিপূর্ণ দিন

দুপুরের দিকে একবার মনে হলো, অনেকক্ষণ ধরে বসে থাকা হয়েছে। একঘেয়েমি কাটাতে উঠে হলের সামনে একটু হাঁটাহাঁটি করে এলাম। আজ ক্লাস নেই। অলস দিনে ইন্টারনেট ছাড়া নিজেকে একটু প্যাম্পার করার জন্য দোকান থেকে ডালমুট, ব্রেড, কলা ও লাড্ডু কিনে আনলাম। তারপর রুমে ফিরে কফি বানালাম। আমার হাতে অজস্র সময়, তাই চামচ দিয়ে কফি আর চিনি ঘুঁটে ঘুঁটে মিনিট সাতেক ধরে একটু ফোমি ফোমি ভাব আনার চেষ্টা করলাম। অতঃপর তৈরি হলো ঘরে বানানো ফোমি ক্যাপুচিনো।

কফি শেষে শুরু করলাম দুপুরের খাবার রান্নার তোড়জোড়। হলে সাধারণত আমরা কোনোমতে এক পদ তরকারি রান্না করে দুদিন চালিয়ে নিই। কিন্তু আজ আমি দুটো তরকারি করলাম, সঙ্গে একটা ভর্তা আর টমেটো দিয়ে পাতলা ডালও। একদম বাড়ির মতো নানাপদের খাবার।

এখানে পড়ুন: নেট ছাড়া দিব্যি একটি দিন 

খাওয়াদাওয়া শেষে বিশ্রাম নেওয়ার সময় আরও ঘণ্টাখানেক পড়লাম বইটা। তারপর ভাবলাম, এভাবে সারাদিন ঘরে বসে নেট ছাড়া কাটানো যাবে না। একটু বাইরে যাওয়া দরকার। পুরোনো এক বান্ধবীকে মোবাইল ফোনে কল দিয়ে গল্প করলাম। ঠিক হলো, আমরা মার্কেটে গিয়ে হালকা কিছু কেনাকাটা সেরে নেব আর অনেক আড্ডা দেব। করলামও তাই। হলে ফিরে এলাম তখন প্রায় রাত ৯টা।

ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিশ্রাম নিতে নিতে ভাবলাম, ইন্টারনেট আসলে আমাদের অভ্যাস। অভ্যাসবশত তাই ফোন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই মনের অজান্তে ডেটা অন করতে যাচ্ছি বা ফেসবুক অ্যাপে ক্লিক করে ফেলছি। সারাদিন নেট ছাড়া কাটিয়ে বুঝলাম, ইন্টারনেট না থাকলে যে আমাদের জীবনযাপন খুব বেশি মন্দ হতো, তা কিন্তু না।

এই যে এত দিন পর পুরোনো বন্ধুর সঙ্গে শপিং করতে যাওয়া, তা কি আজ নেটে থাকলে হতো? বইটাও কি পড়া হতো? আমাদের সব দিন যদি এমন হতো, আগেকার দিনের মতো, তাহলে হয়তো হলের টিভি রুমটা সারা বছর খালি পড়ে থাকত না। যে নিউজটা আমরা নিজের ফোনে পাচ্ছি, সেটার জন্য যদি রোজ এক ঘণ্টা হলের টিভি রুমে কাটানো যেত, তাহলে সবার সঙ্গে আরও কত ভালো চেনাজানা হয়ে যেত!

এরপর রাত দুটো পর্যন্ত জেগে বইটা পড়া শেষ করে ঘুমানোর আগে একবার মনে হলো, রোজকার তুলনায় দিনটা হয়তো একটু বোরিং ছিল। তবে আমি নিশ্চিত হয়েছি, নেট ছাড়া একটা দিন কাটিয়ে দেওয়া দুঃসাধ্য কিছু নয়।

এখানে পড়ুন: একদিন নেটবিহীন: রান্না, ছবি আঁকা আর দূরদেশের স্ত্রী 



ক্যাটাগরি: নাই নেট

         

  রেটিং: ০

এই বিভাগের আরও পোস্ট

ইন্টারনেট ছাড়া দারুণ একটি দিন কাটিয়েছি

ইন্টারনেট ছাড়া দারুণ একটি দিন কাটিয়েছি

  • পূজা সরকার |
  •  ০৯-১১-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

৪.৫

ইন্টারনেট না থাকলে জীবন খুব বেশি মন্দ হতো না

ইন্টারনেট না থাকলে জীবন খুব বেশি মন্দ হতো না

  • নাবিলা জান্নাত|
  •  ৩০-১০-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

০

আমার জন্য একটা রিফ্রেশিং ব্রেক ছিল

আমার জন্য একটা রিফ্রেশিং ব্রেক ছিল

  • ইয়াসিন আলী|
  •  ১৫-১০-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

০

নেট ছাড়া দিব্যি একটি দিন

নেট ছাড়া দিব্যি একটি দিন

  • তাসমিয়া মেহেরিন |
  •  ০৫-১০-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

৫

চাঁদের আলোয় প্রকৃতির নীরবতাকে উপভোগ করলাম

চাঁদের আলোয় প্রকৃতির নীরবতাকে উপভোগ করলাম

  • অঞ্জন সরকার|
  •  ১৮-০৯-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

০

বই পড়ে অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলাম

বই পড়ে অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলাম

  • ফারিহা আনজুম নোশিন|
  •  ০৫-০৯-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

৫