২০০৯ সালের বক্সিং ডে-তে লন্ডনে আড্ডার দিনের খাওয়া-দাওয়া নিয়ে এর আগে দুটো পর্ব লিখেছি। প্রথম ও দ্বিতীয় পর্বে কয়েকটি নিবলস তৈরির প্রণালি দিয়েছিলাম।
সেদিন মূল খাবারের তালিকাও কিন্তু খুব একটা ছোট ছিল না। মেন্যুতে ছিল— রুই মাছের সাসলিক, স্যামন গ্রিল উইথ ব্ল্যাক পিপার অ্যান্ড লেমন, গ্রিলড চিকেন, রোস্ট পটেটোস ও স্টিমড বিনস, রেড অনিয়ন ফ্রুটি স্টাফিং, ল্যাম্ব রোস্ট উইথ গার্লিক বাল্বস অ্যান্ড ন্যাচারাল ইয়োগার্ট এবং মরোক্কান স্টাইল কুসকুস।
এই তালিকা থেকে আজ থাকছে রুই মাছের সাসলিক তৈরির প্রণালী।
উপকরণ:
মাছ: রুই (বা যেকোনো বড় মাছের টুকরো) ৫০০ গ্রাম।
সবজি: পেঁয়াজ ২টি (টুকরো করে লেয়ার খুলে নেওয়া), ক্যাপসিকাম ২টি (চৌকোনা করে কাটা), টমেটো ২টি (বীজ ছাড়া কিউব করে কাটা)।
মশলা ও অন্যান্য: আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ৬-৭টি, লেবুর রস ২ চা চামচ, পাপড়িকা ১ চা চামচ, লবণ ও তেল পরিমাণমতো।
সহায়ক উপাদান:
বাঁশের সাসলিক কাঠি।
প্রণালী:
সাসলিক কাঠিগুলো প্রথমে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।
মাছের টুকরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর আদা-রসুন বাটা, সব গুঁড়ো মশলা, কাঁচামরিচ বাটা, লেবুর রস, লবণ ও সামান্য তেল দিয়ে মাছটি আধা ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
ম্যারিনেশন শেষে কাঠিতে একে একে মাছ, পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো পছন্দমতো ক্রমানুসারে গেঁথে নিন।
গ্রিডল প্যান বা রেগুলার ফ্রাইং প্যানে তেল গরম করে মাঝারি-নিচু তাপে সাসলিকগুলো ঘুরিয়ে-ফিরিয়ে সোনালী করে ভেজে নিন। (এটি ওভেন বা এয়ার ফ্রায়ারেও তৈরি করা যায়)।
পরিবেশন:
ভাজা হয়ে গেলে নামিয়ে ওপরে ফ্রেশ লেবুর রস ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।