বিজ্ঞান-প্রযুক্তি

এআইকে প্রম্পট করার দক্ষতা


  • নওশিন সাদিয়া   |
  • প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ২২:২৯
এআইকে প্রম্পট করার দক্ষতা
ছবি: এআই

ধরুন, পরীক্ষার আগের দিন রাত। পুরো সেমিস্টারজুড়ে পড়াশোনা না করে পাহাড়সম সিলেবাস নিয়ে পড়তে বসেছে দুই বন্ধু। সম্ভাব্য প্রশ্ন ধরে তারা হাতের কাছে থাকা মুঠোফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ—যেমন চ্যাটজিপিটি বা জেমিনি—ব্যবহার করে উত্তর খুঁজছে। একই বিষয়ের প্রশ্ন করলেও নির্দেশনার ধরন, ব্যবহৃত এআই মডেল এবং কথোপকথনের প্রেক্ষাপট ভেদে তাদের পাওয়া উত্তর এক নয়। একজন পেল সাবলীল, যুক্তিসংগত ও বিস্তারিত ব্যাখ্যা; অন্যজন পেল সংক্ষিপ্ত ও অস্পষ্ট উত্তর। বিষয়টি এআই বা সার্ভারের সমস্যা নয়। অন্যতম প্রধান কারণ হলো, এআইকে কীভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঠিক কীভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে, তার ওপরই অনেকাংশে নির্ভর করে এআই থেকে কেমন উত্তর পাওয়া যাবে। এ কারণেই এআই প্রম্পটিং, অর্থাৎ এআইকে কার্যকরভাবে নির্দেশনা দেওয়ার দক্ষতা, ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

এমআইটি ম্যানেজমেন্টে প্রকাশিত ‘এফেকটিভ প্রম্পটস ফর এআই: দ্য এসেনশিয়ালস’ এবং হার্ভার্ড ইউনিভার্সিটি ইনফরমেশন টেকনোলজিতে প্রকাশিত ‘গেটিং স্টার্টেড উইথ প্রম্পটস ফর টেক্সট-বেইসড জেনারেটিভ এআই টুলস’ শীর্ষক নিবন্ধ অবলম্বনে লিখিত জীবনজয়ী প্রতিবেদনটি নিচে পড়ুন। 

প্রম্পট আসলে কী?

সহজভাবে বলতে গেলে, প্রম্পট হলো এআইকে দেওয়া আপনার নির্দিষ্ট নির্দেশনা। কম্পিউটারের যুগে যেমন প্রোগ্রামিং এবং ইন্টারনেটের যুগে কার্যকরভাবে তথ্য খোঁজার জন্য সার্চিং একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ছিল, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কার্যকরভাবে এআইকে নির্দেশনা দেওয়ার একটি নতুন দক্ষতা হলো প্রম্পটিং।

কীভাবে কার্যকর প্রম্পট দেবেন?

এআইকে আপনি বাস্তব জীবনের একজন দক্ষ অফিস সহকারীর সঙ্গে তুলনা করতে পারেন। সহকারীকে যত স্পষ্টভাবে কাজ বুঝিয়ে বলা যায়, তত ভালো ফল পাওয়া যায়। এআইয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে মনে রাখতে হবে, এআই মানুষের মতো চিন্তা বা বোঝে না; বরং আপনার দেওয়া নির্দেশনার ভিত্তিতে সম্ভাব্য সবচেয়ে উপযুক্ত উত্তর তৈরি করে।

কাজের ধরন স্পষ্ট করে বলুন

প্রথমেই এআইকে নির্ভুল ও বর্ণনামূলক নির্দেশনা দিন। যেমন, শুধু "বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে লিখ" বলার পরিবর্তে লিখতে পারেন—

"বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে ১২০০ শব্দের একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ সহজ ভাষায় লিখ। এতে ভূমিকা, মূল আলোচনা ও উপসংহার থাকবে।"

নির্দেশনা যত স্পষ্ট হবে, ফলও সাধারণত তত ভালো হবে।

প্রাসঙ্গিক প্রেক্ষাপট দিন

ধরুন, আপনি পরীক্ষার খাতার জন্য নয়, বরং একটি গবেষণাধর্মী অ্যাসাইনমেন্টের জন্য লিখছেন। সে ক্ষেত্রে প্রেক্ষাপট উল্লেখ না করলে এআই সাধারণ মানের উত্তর দিতে পারে।

আপনি এভাবে বলতে পারেন: 

"ধরে নাও, আমি একজন গবেষক। আমার গবেষণাপত্রের জন্য তুমি একজন গবেষণা সহকারী হিসেবে খসড়াটি প্রস্তুত করো।" 

"একজন অভিজ্ঞ গবেষকের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি বিশ্লেষণ কর।" 

"আমার ‘ক’ কোর্সের ‘ঘ’ বিষয়বস্তুর আলোকে উত্তরটি বিশ্লেষণ কর।" 

তবে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখতে হবে। এআই দিয়ে তৈরি লেখা নিজের নামে হুবহু জমা দিলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সেটি একাডেমিক অসদাচরণ  বা প্লেজিয়ারিজম হিসেবে গণ্য হতে পারে। সহজ বাংলায় বলতে গেলে, এটি অন্যের কাজ নিজের নামে চালিয়ে দেওয়া।

কাঙ্ক্ষিত ফরম্যাট নির্ধারণ করুন

আপনি কেমন ধরনের উত্তর চান, সেটিও স্পষ্ট করে বলুন। শুধু বর্ণনা, নাকি তুলনামূলক বিশ্লেষণ? অনুচ্ছেদ, নাকি টেবিল? এআইকে সে অনুযায়ী নির্দেশনা দিন।

যেমন: 

"সময় ও স্থানভেদে পয়েন্ট আকারে সাজাও।" 

"বিশ্লেষণের আগে একটি তুলনামূলক টেবিল যুক্ত করো।" 

"ভূমিকায় একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ দাও।" 

"সমালোচকের দৃষ্টিভঙ্গি থেকে দুর্বলতাগুলো চিহ্নিত করে সম্ভাব্য সমাধানও উল্লেখ করো।" 

প্রয়োজনে করণীয় ও বর্জনীয় বিষয়গুলোর তালিকাও যুক্ত করতে পারেন।

ছবি তৈরির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। "একটি সূর্যাস্তের ছবি আঁকো" বলার চেয়ে যদি বলেন, "সেন্ট মার্টিন দ্বীপের সৈকতে লাল-কমলা আকাশের নিচে একটি শান্ত সূর্যাস্তের দৃশ্য আঁকো। সামনের অংশে একটি মাছ ধরার নৌকা থাকবে এবং ছবিটি হবে জলরঙের শৈলীতে"—তাহলে ফল অনেক বেশি আপনার চাহিদার কাছাকাছি হবে।

প্রয়োজনীয় তথ্য ও উদাহরণ দিন

অনেক সময় নিজের কাছে থাকা উদাহরণ, নোট, প্রতিবেদন বা অন্য কোনো প্রাসঙ্গিক তথ্য এআইকে দিলে আরও নির্ভুল উত্তর পাওয়া যায়।

আপনি বলতে পারেন—

"নিচের উদাহরণগুলোর কাঠামো অনুসরণ করে একই ধরনের আরও কয়েকটি উদাহরণ খুঁজে বের করে ব্যাখ্যা কর।"

অথবা প্রয়োজনীয় নথি সংযুক্ত করে বলতে পারেন—

"এই প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে উত্তর প্রস্তুত করো।"

উত্তর যাচাই করুন এবং পরিমার্জন করুন

এআই ব্যবহার মূলত আপনার সঙ্গে এআইয়ের একটি কথোপকথন। প্রথম উত্তরই চূড়ান্ত হবে—এমনটি ধরে নেওয়া ঠিক নয়। কার্যকর প্রম্পটিং একটি পুনরাবৃত্তিমূলক (Iterative) প্রক্রিয়া। প্রথম উত্তরের ভিত্তিতে আরও নির্দেশনা দিয়ে উত্তরকে উন্নত করা যায়।

যেমন বলতে পারেন—

তথ্যসূত্রসহ উল্লেখ কর। 

একজন শিক্ষার্থীর উপযোগী করে লেখো। 

একজন শিক্ষক হিসেবে লেখাটির দুর্বলতা চিহ্নিত করে পরামর্শ দাও। 

লেখাটি আরও সংক্ষিপ্ত বা বিস্তারিত করো। 

যুক্তিগুলো আরও শক্তিশালী করে লেখাটি পুনর্লিখন করো। 

গুরুত্বপূর্ণ তথ্যগুলো নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করে আলাদা তালিকা আকারে দাও। 

কোন তথ্য নিশ্চিত নয়, সেটিও উল্লেখ করো। 

এআইয়ের সীমাবদ্ধতাও মনে রাখুন

এআই অনেক সময় আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্যও দিতে পারে। এ ধরনের ভুলকে অনেক ক্ষেত্রে AI hallucination বলা হয়। তাই গুরুত্বপূর্ণ তথ্য, পরিসংখ্যান, উদ্ধৃতি কিংবা গবেষণা, আইন বা চিকিৎসাবিষয়ক তথ্য ব্যবহার করার আগে অবশ্যই নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করে নেওয়া উচিত।

মনে রাখবেন, এআই সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হতে পারে, কিন্তু চূড়ান্ত বিচার-বিশ্লেষণ ও দায়িত্ব মানুষেরই। এআই থেকে পাওয়া তথ্য যাচাই করে, প্রয়োজনমতো পরিমার্জন করে এবং নিজের চিন্তাশক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়াই প্রকৃত দক্ষতা।

আজকের বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনেক পেশায় চাকরি হারানোর আশঙ্কার কথা যেমন প্রায়ই শোনা যায়, তেমনি এআইকে কার্যকরভাবে ব্যবহার ও সঠিকভাবে নির্দেশনা দেওয়ার দক্ষতাও দ্রুত গুরুত্বপূর্ণ পেশাগত সক্ষমতা হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতের কর্মক্ষেত্রে বিষয়জ্ঞান যেমন প্রয়োজন হবে, তেমনি প্রয়োজন হবে এআইকে কীভাবে দক্ষতার সঙ্গে কাজে লাগানো যায়, সেই সক্ষমতাও। 


ক্যাটাগরি: বিজ্ঞান-প্রযুক্তি

         

  রেটিং: ৫

এই বিভাগের আরও পোস্ট

প্রাচীন সভ্যতার ৮ আবিষ্কার, যেগুলোর ওপর দাঁড়িয়ে আধুনিক বিশ্ব

প্রাচীন সভ্যতার ৮ আবিষ্কার, যেগুলোর ওপর দাঁড়িয়ে আধুনিক বিশ্ব

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ১১-০৯-২০২৬
ক্যাটাগরি: বিজ্ঞান-প্রযুক্তি

যে আবিষ্কারগুলো বদলে দিয়েছিল আধুনিক বিশ্ব

যে আবিষ্কারগুলো বদলে দিয়েছিল আধুনিক বিশ্ব

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ২৮-০৮-২০২৬
ক্যাটাগরি: বিজ্ঞান-প্রযুক্তি

দুর্ঘটনা থেকে আবিষ্কার: যেভাবে হঠাৎ পাওয়া জিনিস বদলে দিয়েছে বিশ্ব

দুর্ঘটনা থেকে আবিষ্কার: যেভাবে হঠাৎ পাওয়া জিনিস বদলে দিয়েছে বিশ্ব

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ২১-০৮-২০২৬
ক্যাটাগরি: বিজ্ঞান-প্রযুক্তি

রোমুলাস, রেমাস ও খালিসি: ডায়ার উলফ কি এরা

রোমুলাস, রেমাস ও খালিসি: ডায়ার উলফ কি এরা

  • জাওয়াহ বিনতে মিজান স্বর্ণা|
  •  ১৪-০৮-২০২৬
ক্যাটাগরি: বিজ্ঞান-প্রযুক্তি

এবার এআই নিজেই করবে ল্যাব পরীক্ষা

এবার এআই নিজেই করবে ল্যাব পরীক্ষা

  • জীবনজয়ী ডেস্ক |
  •  ০৬-০৮-২০২৬
ক্যাটাগরি: বিজ্ঞান-প্রযুক্তি

মগজের পচন যেভাবে ঠেকানো যায়

মগজের পচন যেভাবে ঠেকানো যায়

  • নিশাত সাবা|
  •  ০২-০৮-২০২৬
ক্যাটাগরি: বিজ্ঞান-প্রযুক্তি

৩.৮

জীবনজয়ী ইতিবাচক বিষয়াদি নিয়ে সাজানো একটি বাংলা ওয়েবসাইট। উচ্ছ্বাস–উল্লাস–উৎসব এই সাইটের প্রাণকথা। সম্প্রীতি–সহমর্মিতা ও দয়াধর্ম-মানবতাকে উচ্চে রাখে জীবনজয়ী।