নাই নেট: স্বেছায় ইন্টারনেট ছাড়া চব্বিশ ঘন্টা

আজ খাবারের স্বাদ এত অসাধারণ লাগল কেন জানি না


  • ফাহিম মোঃ হাকিম  ঢাকা |
  • প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:২২
আজ খাবারের স্বাদ এত অসাধারণ লাগল কেন জানি না
ছবি: এআই

আমি ফাহিম মোঃ হাকিম। বর্তমানে একটি কোম্পানিতে কর্মরত আছি। গত বছরের জানুয়ারির শুরুর দিক। শুক্রবার। জীবনজয়ীর আহ্বানে সাড়া দিয়ে আমি পুরো চব্বিশ ঘণ্টা ইন্টারনেট ছাড়া সময় কাটাই। রাত ১২টায় মোবাইল বন্ধ করে ঘুমিয়ে যাই। সকালে উঠে অন্যান্য দিনের মতো মোবাইলে সময় না দেখে দেয়ালঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল ৭টা ২৫ বাজে। ফ্রেশ হই। তারপর আমার স্ত্রীকে সকালের নাশতা বানানোর জন্য সাহায্য করতে থাকি। সে রীতিমতো অবাক। কিন্তু আমার বারবার মনে হচ্ছিল, কী যেন মিসিং। যখন রুটি সেঁক দিচ্ছিলাম, মনে হচ্ছিল একটু ইউটিউবে গান দিয়ে আসি। তবে নিজেকে কন্ট্রোল করি। এই কন্ট্রোল করতে পারার মধ্যে যে একটা রোমাঞ্চকর ব্যাপার আছে, সেটা বুঝতে পারছিলাম। সকালের নাশতা খেয়ে আমি বুকশেলফ থেকে অনেক দিন পর ‘বি স্মার্ট উইথ মোহাম্মদ (স.)’ বইটি নিয়ে পড়তে বসলাম। অনেকখানি পড়ার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে সাড়ে নয়টা। মনে হলো, আজকের দিনটা অনেক বড়। সময় যেন যাচ্ছে না। অন্যান্য শুক্রবার দ্রুত শেষ হয়ে যায়। আজকে যেন উল্টো। আমার স্ত্রীও আমার মতো ফোন বন্ধ রেখেছে। সকাল থেকে আজ দুজনে অনেক গল্প করেছি। আমাদের গল্প যেন আজ ডানা মেলেছে। দীর্ঘদিন পর এমন গল্পের বহর। শেষ এমন মন জুড়িয়ে তার সঙ্গে গল্প হয়েছিল ভার্সিটিতে। বিয়ের পর কথা হয়, গল্প হয়; তবে বেশিরভাগ সময় ফোনে ফেসবুক-ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে। এরপর হালকা একটু ঘুমিয়ে নিলাম। ঘুমের মধ্যে দুবার জেগে উঠেছি। মনে হলো, কেউ কল করেছে। পরে মনে পড়ল, আমার ফোনই তো বন্ধ। ঘুম থেকে উঠে স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, অনেক স্মৃতিচারণ করলাম। গোসল সেরে জুমার নামাজ আদায় করে এসে দুপুরের খাবার খেতে খেতে একবার মনে হলো, আরে! মোবাইল কই? খাওয়ার সময় তো ইউটিউব না দেখলে খাওয়া হজম হয় না। তবে এখন একটু অন্য রকম লাগছে। গল্পে গল্পে খাওয়া যে কখন শেষ হলো, বুঝতেই পারিনি। এমনকি আজ খাবারের স্বাদ এত অসাধারণ লাগল কেন, জানি না। খাওয়ার পরে বাবা-মায়ের খোঁজ নিলাম। দুই ভাস্তির সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। আজকের অনুভূতিটা কেমন একটু ভিন্ন। অন্য সময় কথা বলতে গেলে মাথার মধ্যে ঘোরে ফেসবুক, রিলস, ইউটিউব। এগুলো দেখার নেশায় তাদের সঙ্গে ঠিকমতো কথা বলতাম না। বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হলাম। মনে হলো যেন অন্য এক জগতে আছি, যেখানে আমার হাতের আঙুলের ফাঁকে তার আঙুল জাপটে আছে। অন্যদিন এই হাতে থাকত ফোন। স্ক্রল হতো ফেসবুকের টাইমলাইন। মনোযোগ থাকত সেখানে। সত্যিই এটা এক অদ্ভুত অনুভূতি। দুজনে এদিক-ওদিক ঘুরলাম। এরপর রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করলাম। আজ ওকে অনেক সুন্দর লাগছিল। নীল শাড়ি, চুল ছেড়ে দেওয়া। কী দারুণ! ছবি তোলার জন্য মনের অজান্তেই ফোনটা বের করার জন্য পকেটে হাত দিয়ে দেখি, ফোন পকেটে নেই। হন্তদন্ত হয়ে ফোন খুঁজতে লাগলাম। পরে মনে হলো, ফোন তো বাসায় রেখে এসেছি। সে এক ইউনিক ব্যাপার। খাওয়া-দাওয়া শেষে বাসায় ফিরে এলাম। রাতে আমার স্ত্রী পাশে বসে কাঁধে মাথা রেখে বলল, “বিয়ের পর অনেক শুক্রবার পার করেছি, কিন্তু এই শুক্রবারের মতো আমাকে এত অ্যাটেনশন কখনও দাওনি।” কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ভাবলাম, ছোট্ট একটা ফোনের আসক্তির কারণে আমি আমার স্ত্রীর থেকে কতটা দূরে সরে গিয়েছি। ঘুমাতে যাওয়ার সময় প্রতিদিনের অভ্যাসমতো ফেসবুক স্ক্রলের জন্য নিজের অজান্তেই একটু অস্থিরতায় কাটালাম। অবশেষে ফেসবুক স্ক্রলের সময়টুকুতে দোয়া-দরুদ পড়ে একটা শান্তির ঘুম দিলাম।


ক্যাটাগরি: নাই নেট

         

  রেটিং: ৫

এই বিভাগের আরও পোস্ট

বই পড়ে অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলাম

বই পড়ে অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলাম

  • ফারিহা আনজুম নোশিন|
  •  ০৫-০৯-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

ইন্টারনেট ছাড়া এক শান্তিপূর্ণ দিন

ইন্টারনেট ছাড়া এক শান্তিপূর্ণ দিন

  • আবু সায়েম |
  •  ২৫-০৮-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

আমি যেন এক নতুন জগতে পা রাখতে যাচ্ছি

আমি যেন এক নতুন জগতে পা রাখতে যাচ্ছি

  • পূজা প্রামানিক|
  •  ২৩-০৮-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

একদিন নেটবিহীন:  রান্না, ছবি আঁকা আর দূরদেশের স্ত্রী

একদিন নেটবিহীন: রান্না, ছবি আঁকা আর দূরদেশের স্ত্রী

  • রাফি আন্ নূর|
  •  ১০-০৮-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

 আষাঢ়ের এক নেটহীন দিন

আষাঢ়ের এক নেটহীন দিন

  • স্বর্না আক্তার লিজা|
  •  ০৪-০৮-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

পুরোপুরি উশুল হওয়া একটা দিন

পুরোপুরি উশুল হওয়া একটা দিন

  • সামিয়া ইফফাত|
  •  ২৮-০৭-২০২৬
ক্যাটাগরি: নাই নেট

জীবনজয়ী ইতিবাচক বিষয়াদি নিয়ে সাজানো একটি বাংলা ওয়েবসাইট। উচ্ছ্বাস–উল্লাস–উৎসব এই সাইটের প্রাণকথা। সম্প্রীতি–সহমর্মিতা ও দয়াধর্ম-মানবতাকে উচ্চে রাখে জীবনজয়ী।