সাময়িকী

অ্যারিস্টটলের কাছে আলেকজান্ডার কী শিখেছিলেন


  • ফারিয়া আক্তার জুঁহি  |
  • প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২২:২২
অ্যারিস্টটলের কাছে আলেকজান্ডার কী শিখেছিলেন
ছবি: ইমরুল আহসান

মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপ (খ্রিস্টপূর্ব ৩৮২-৩৩৬) চেয়েছিলেন, তাঁর ছেলে আলেকজান্ডার (খ্রিস্টপূর্ব ৩৫৬-৩২৩) শুধু একজন সাহসী যোদ্ধা নয়, একজন জ্ঞানী আর দূরদর্শী শাসকও হয়ে উঠুক। কারণ, তিনি বুঝেছিলেন, শুধু সামরিক শক্তি দিয়ে একটি শক্তিশালী রাজ্য গড়া যায় না। এর জন্য বিশেষ প্রয়োজন সংস্কৃতি আর জ্ঞানের। 

ফিলিপ এই দূরদর্শী অবস্থান থেকে সে সময়ের সবচেয়ে বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলকে (খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২২) তালাশ করেন। অ্যারিস্টটলকে তাঁর সমসাময়িকরা বলতেন, ‘যে মানুষ সবকিছু জানে’।

খ্রিস্টপূর্ব ৩৪৩ সালে শুরু হয় এই বিখ্যাত শিক্ষকতা। তখন আলেকজান্ডারের বয়স মাত্র তেরো বছর। আলেকজান্ডারকে পাঠদানের জন্য অ্যারিস্টটল বেছে নেন মিয়েজার নিম্ফদের মন্দির। কারণ, সেখানকার শান্ত আর সবুজ পরিবেশ শেখার জন্য আদর্শ মনে হয়েছিল তাঁর কাছে।

প্রায় সাত বছর ধরে চলা এই শিক্ষায় ছিল বাগ্মিতা, দর্শন, রাজনীতি, প্রকৃতিবিজ্ঞান আর শিল্পকলার মতো নানা বিষয়। অ্যারিস্টটলের পদ্ধতি ছিল পর্যবেক্ষণ আর অভিজ্ঞতাভিত্তিক। তিনি শুধু বই মুখস্থ করাতেন না, বরং প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে ছাত্রের সঙ্গে কথা বলতেন। শাসনব্যবস্থা থেকে শুরু করে গাছপালা আর প্রাণীর গঠন পর্যন্ত নানা বিষয়ে আলোচনা করতেন। উদ্দেশ্য ছিল আলেকজান্ডারকে বিশ্লেষণাত্মক আর যুক্তিনির্ভর চিন্তাবিদ হিসেবে গড়ে তোলা।

আলেকজান্ডার স্বভাবে ছিলেন আবেগপ্রবণ আর কিঞ্চিৎ অস্থির। কিন্তু তাঁর মন ছিল প্রখর কৌতূহলী আর গ্রহণশীল। তাই অ্যারিস্টটল তাঁকে শুধু জ্ঞান নয়, নিজের আবেগ নিয়ন্ত্রণ করার শিক্ষাও দেন। এই অনুশীলন পরবর্তী জীবনে আলেকজান্ডারের চরিত্র গঠনে বড় ভূমিকা রাখে।

হোমারের কবিতা পড়ে আলেকজান্ডার বীর অ্যাকিলিসকে নিজের আদর্শ হিসেবে বেছে নেন। এর ফলে সম্মান আর আত্মসংযমকে তিনি জীবনের সবচেয়ে বড় গুণ মনে করতে শুরু করেন। আলেকজান্ডার খাদ্য আর ভোগবিলাসেও একই রকম সংযম মেনে চলতে শুরু করেন।

অ্যারিস্টটলের কাছ থেকে চিকিৎসাবিদ্যাতেও আগ্রহ পান আলেকজান্ডার। নিজের বন্ধুদের অসুখে তিনি নিজেই চিকিৎসার পরামর্শ দিতেন। প্রাণী আর উদ্ভিদবিদ্যায় অ্যারিস্টটলের গভীর জ্ঞান আলেকজান্ডারকেও প্রভাবিত করে। ফলে এশিয়া অভিযানের সময় তিনি সঙ্গে নিয়ে যান একদল বিজ্ঞানী আর প্রকৃতিবিদকে। তাঁরা নানা প্রজাতির নমুনা সংগ্রহ করতেন। এই সংগ্রহ পরবর্তীকালে বিজ্ঞানের অগ্রগতিতে ভূমিকা রাখে।

আলেকজান্ডারের কূটনীতি আর শাসননীতিতেও অ্যারিস্টটলের প্রভাব দেখা যায়।

আলেকজান্ডার একবার অ্যারিস্টটলকে জিজ্ঞেস করেছিলেন, পারস্যের বুদ্ধিমান আর ক্ষমতালোভী মানুষদের মেরে ফেলা উচিত কি না। অ্যারিস্টটল উত্তর দেন, হত্যা কোনো সমাধান নয়। কারণ, সেই দেশ আবার নতুন প্রজন্মের জন্ম দেবে, যারা একই রকম হবে। তাই সদয় ব্যবহার আর কূটনীতির মাধ্যমে মন জয় করাই সবচেয়ে ভালো পথ।

খ্রিস্টপূর্ব ৩৩৬ সালে ফিলিপ নিহত হলে আলেকজান্ডার সিংহাসনে বসেন। অ্যারিস্টটলের কাছে তাঁর সরাসরি শিক্ষালাভের পর্ব সেখানেই শেষ হয়। তবে চিঠির মাধ্যমে দুজনের যোগাযোগ বহুদিন অব্যাহত থাকে।

পরবর্তীকালে পারস্য জয়ের পর আলেকজান্ডার সেখানকার রাজপরিবারের সঙ্গে সম্মানজনক আচরণ করেন। দারিয়ুসের কন্যা স্টেটিরাকে বিয়ে করেন। আর গ্রিক সংস্কৃতিকে স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশিয়ে দেওয়ার যে নীতি নেন, সেই উদ্যোগ ইতিহাসে ‘হেলেনাইজেশন’ (Hellenization) নামে পরিচিত। হেলেনাইজেশন মানে হলো গ্রিসের ভাষা, সংস্কৃতি, ধর্ম এবং জীবনযাপনের পন্থা গ্রহণ করে নেওয়া। উল্লেখ্য, হেলাস (Hellas) হচ্ছে গ্রিসের প্রাচীন নাম।

আলেকজান্ডারের হেলেনাইজেশনেও স্পষ্ট ধরা পড়ে অ্যারিস্টটলের শেখানো সহনশীলতা আর প্রজ্ঞার গভীর ছাপ। আলেকজান্ডার হয়তো সব সময় শিক্ষকের প্রতিটি উপদেশ মেনে চলেননি। তথাপি তাঁর ওপর অ্যারিস্টটলের দৃশ্যমান প্রভাবগুলো প্রমাণ করে, শিক্ষা একজনকে পরিণত চিন্তার মানুষে পরিণত করতে পারে। 


ক্যাটাগরি: সাময়িকী

         

  রেটিং: ৩.৫

এই বিভাগের আরও পোস্ট

আমি সাবাতিনা: অতঃপর আমাদের কাহিনি চলতে থাকলো

আমি সাবাতিনা: অতঃপর আমাদের কাহিনি চলতে থাকলো

  • নওশিন আঞ্জুম |
  •  ১৪-০৮-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

শিউলিফুলেরা ও আমি

শিউলিফুলেরা ও আমি

  • দিলারা রহমান|
  •  ১২-০৮-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

৪.১

পার্বতীপুরের পরের গল্প

পার্বতীপুরের পরের গল্প

  • আকমাল হোসাইন|
  •  ১১-০৮-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

অ্যারিস্টটলের কাছে আলেকজান্ডার কী শিখেছিলেন

অ্যারিস্টটলের কাছে আলেকজান্ডার কী শিখেছিলেন

  • ফারিয়া আক্তার জুঁহি|
  •  ০৬-০৮-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

৩.৫

কে সেরাহ, সেরাহ

কে সেরাহ, সেরাহ

  • জাওয়াহ বিনতে মিজান স্বর্ণা|
  •  ০৪-০৮-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

 হুমায়ুন স্যারের হিমু নাকি অন্য কেউ

হুমায়ুন স্যারের হিমু নাকি অন্য কেউ

  • নাবিলা তাসনিম স্নেহা|
  •  ৩১-০৭-২০২৬
ক্যাটাগরি: সাময়িকী

জীবনজয়ী ইতিবাচক বিষয়াদি নিয়ে সাজানো একটি বাংলা ওয়েবসাইট। উচ্ছ্বাস–উল্লাস–উৎসব এই সাইটের প্রাণকথা। সম্প্রীতি–সহমর্মিতা ও দয়াধর্ম-মানবতাকে উচ্চে রাখে জীবনজয়ী।