প্রাণ-প্রকৃতি-পৃথিবীবান্ধব অর্থনীতিবিদ টমাস পিকেটি ও তাঁর গবেষকদল মনে করেন, নির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করা হলে একুশ শতকের মধ্যেই মানুষের জন্য এবং মানুষের যোগ্য পৃথিবী বিনির্মাণ করে ফেলা সম্ভব। পিকেটি পরিচালিত গ্লোবাল জাস্টিস প্রজেক্ট থেকে সদ্য প্রকাশিত “গ্লোবাল জাস্টিস রিপোর্ট”-এ এই আশাবাদ ব্যক্ত করা হয়েছে। পৃথিবীকে বাসযোগ্য রাখার জন্য মানব উন্নয়ন এবং সমতাভিত্তিক নতুন একটি রূপকল্প গ্রহণের ওপর প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে। এই রিপোর্ট নিয়ে পড়ুন জীবনজয়ী বুলেট-প্রতিবেদন।
পিকেটিদের মতে, তাঁদের উপস্থাপিত অগ্রগতি-পরিমাপযোগ্য প্রকল্পটি বাস্তবায়ন হলে ২০২৬ থেকে ২১০০ সালের মধ্যে এই পৃথিবীর অর্থনৈতিক এবং পরিবেশগতভাবে ভারসাম্যপূর্ণ রূপান্তর সম্ভব হবে।
গ্লোবাল জাস্টিস রিপোর্টে বিশ্বের সকল মানুষের জন্য উচ্চ জীবনমান নিশ্চিত করাকে মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে সঙ্গে বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা এবং টেকসই ধরিত্রী নিশ্চিত করার মতো প্রসঙ্গগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তবে এগুলো বিনা-আয়াসে সম্ভব হবে না। তিনটি দিকে নজর দিতে হবে। এগুলো হচ্ছে: দ্রুততার সঙ্গে কার্বনমুক্ত জ্বালানিনির্ভর হওয়া, বস্তুগত ভোগ ও কর্মঘণ্টা কমানো এবং অধিকতর টেকসই জীবনপদ্ধতির দিকে যাওয়া। এ ছাড়া দেশে-দেশে এবং দেশের ভিতরে আয়, সম্পদ এবং ক্ষমতার বিদ্যমান অসমতাকে বিপুলভাবে কমিয়ে ফেলাও গুরুত্বপূর্ণ।
পিকেটিদের পরামর্শ মানলে পৃথিবীর ৯০ ভাগ মানুষ বর্তমান সময়ের তুলনায় অর্ধেক পরিশ্রম করে তাঁদের আয় দ্বিগুণ করে ফেলতে সক্ষম হবে। এ ছাড়া বর্তমানে বৈশ্বিক সম্পদের মাত্র দুই ভাগ আছে বিশ্ব জনসংখ্যার নিচের অর্ধেকের হাতে; এটা বেড়ে ৩০ ভাগ হবে। পিকেটি-নিয়মে গেলে কপাল পুড়বে অতি-ধনীদের। এদের হাতে এখন বিশ্ব-সম্পদের ছয় ভাগ আছে। এটা কমে দাঁড়াবে ০.০৫ ভাগে!
দেশে-দেশে আয়-ইনকামের ক্ষেত্রে আসবে যুগান্তকারী পরিবর্তন। উদাহরণস্বরূপ, বর্তমানে সাব-সাহারান দেশগুলোতে মাথাপিছু মাসিক মোট জাতীয় আয় হচ্ছে ২৯০ ইউরো। পক্ষান্তরে উত্তর আমেরিকা/ওশেনিয়া অঞ্চলে এটা হচ্ছে প্রায় চার হাজার ছয়শ ইউরো; ষোল গুণ বেশি। ২১০০ সাল নাগাদ এটা সব দেশের ক্ষেত্রে দাঁড়াবে গড়ে পাঁচ হাজার ইউরো।
পিকেটিদের পথে হাঁটলে শ্রমের বাড়াবাড়ি থেকে মুক্তি পাবে মানুষ। আজকের দিনে মানুষ গড়ে বছরে দুই হাজার একশ ঘণ্টা কাজ করে; ২১০০ সালে করতে হবে মাত্র এক হাজার ঘণ্টা। বর্তমানে দেশভেদে শিক্ষাখাতে মাথাপিছু ব্যয় হয় ২১০ থেকে প্রায় চার হাজার দুইশ ইউরো। পিকেটির পথ অনুসরণ করলে এটা গিয়ে দাঁড়াবে মাথাপিছু সাড়ে আট হাজার ইউরোর কাছাকাছি—সব দেশের ক্ষেত্রে। দেশভেদে আজকের দিনে স্বাস্থ্যখাতে ব্যয় মাথাপিছু ১১০ থেকে আট হাজার ইউরো। তখন এই ব্যয় সব দেশের ক্ষেত্রে দাঁড়াবে সাড়ে চৌদ্দ হাজার ইউরোর কাছাকাছি।
জেন্ডার-সমতার ক্ষেত্রেও আছে সুখবর। পিকেটি-পথে চললে গৃহস্থালি শ্রম ও গড় আয়ের ক্ষেত্রে নারী-পুরুষে সমতা চলে আসবে।