প্রিয়তম,
আজ বহুদিন পর আবার তোমাকে লিখতে বসলাম।
একসময় আমার চিঠির অপেক্ষা তোমার কাছে ছিল এক অদ্ভুত আনন্দের বিষয়। একটি চিঠি যেন তোমার দিনকে অন্যরকম করে দিত। অথচ আজ আমার কোনো চিঠি তোমার দুয়ারে কড়া নাড়ার তাড়া নেই, আমার অক্ষরগুলো তোমার চোখে পৌঁছানোর কোনো ব্যাকুলতাও নেই। সময় বড় নিষ্ঠুর, সে শুধু মানুষকে দূরে সরায় না, কখনো কখনো দুজন মানুষের মাঝখানে এমন দীর্ঘ এক নৈঃশব্দ্য নির্মাণ করে, যার এপার থেকে ওপারে ভালোবাসার কোনো শব্দই আর পৌঁছায় না।
তোমার সঙ্গে যেদিন শেষ দেখা হয়েছিল, তুমি ঘুণাক্ষরেও ভাবতে পারোনি সেটিই আমাদের শেষ দেখা। তুমি হয়তো ভেবেছিলে, আবার দেখা হবে, কোনো এক অলস বিকেলে, কোনো অকারণ সন্ধ্যায়, কিংবা হঠাৎ কোনো ব্যস্ত শহরের মোড়ে। অথচ আমি সেদিনই মনে মনে তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম। ঠিক করেছিলাম, আর কোনোদিন তোমার সামনে দাঁড়াব না।
কারণ তুমি এমন একজন মানুষ, যাকে একবার দেখলে চোখের তৃষ্ণা মেটে না। তোমাকে যত দেখি, ততই মনে হয় আরও একটু দেখি, আরও কিছুক্ষণ দেখি। তোমার মুখের রেখাগুলো, তোমার চোখের ভাষা, তোমার অকারণ টুকটাক কাজ সবকিছুই আমার দৃষ্টির কাছে একেকটি অসমাপ্ত কবিতা। তাই চোখকে অল্প সময়ের শান্তি দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর তাকে তৃষ্ণার্ত রাখার চেয়ে, আমি ইচ্ছে করেই আজীবনের জন্য তার সামনে তোমার দরজা বন্ধ করে দিয়েছি।
তুমি যদি জানতে, তোমাকে দেখার জন্য আমার দু’চোখে কতখানি মরুভূমি জমে আছে!
তুমি যদি এসব বুঝতে, পৃথিবীর সমস্ত কর্মযজ্ঞের অবসান ঘটিয়ে আমি শুধু তোমাকে দেখার জন্য আমার দৃষ্টির সীমানায় একটি ছোট্ট ঘর বানাতে চেয়েছিলাম। সেখানে কোনো ঋতুর পরিবর্তন হতো না, কোনো সন্ধ্যা নামত না, কোনো রাতের অন্ধকার আমার চোখের সামনে তোমাকে আড়াল করতে পারত না। আমি শুধু তোমাকে দেখতাম নির্বাক, নিরন্তর, নিঃশেষে।
অথচ তুমি জানতেই পারলে না, কী দুর্বিষহ এক তৃষ্ণা আমি তোমার জন্য বয়ে বেড়াচ্ছি।
জানো, তোমাকে মুক্তি দেওয়ার পর থেকে বর্ষাকালটা আমার ভীষণ আপন হয়ে গেছে। বৃষ্টি নামলেই মনে হয়, আকাশও বুঝি আমার হয়ে কাঁদতে নেমেছে। আমি যখন নিঃশব্দে কাঁদি, জানালার কাঁচে যখন বৃষ্টির ফোঁটাগুলো অবিরাম আছড়ে পড়ে, তখন আমার কান্না আর বৃষ্টির শব্দ একাকার হয়ে যায়। সেই ঝুমঝুম শব্দের ভেতর তোমার নাম মিশে গিয়ে যে সুর তৈরি হয়, পৃথিবীর কোনো বেহালা, কোনো বাঁশি, কোনো স্বর্গীয় বাদ্যযন্ত্রও হয়তো তার সমকক্ষ কোনো সুর সৃষ্টি করতে পারবে না।
সে এক অদ্ভুত সুর, যেখানে বিচ্ছেদ আছে, অভিমান আছে, অশ্রু আছে, অথচ তার গভীরে কোথাও তুমি আছো বলে এক অসম্ভব মধুরতা লুকিয়ে থাকে। সেই সুর আমাকে আচ্ছন্ন করে রাখে। আমি তখন বৃষ্টি দেখি না, তোমাকে দেখি।
মনে আছে, তুমি আমার যে হাতটা শক্ত করে ধরে ঘুমিয়ে পড়েছিলে?
তোমার ঘুম ভেঙে যাবে, এই সামান্য আশঙ্কায় আমি কতবার যে হাতটা ছাড়াতে গিয়েও ছাড়াতে পারিনি, তার হিসাব নেই। ঘণ্টার পর ঘণ্টা আমার হাতটা অবশ হয়ে ছিল, আঙুলগুলোতে রক্ত চলাচল যেন থেমে গিয়েছিল, তবু তোমার ঘুমের শান্তি নষ্ট করার সাহস হয়নি আমার।
আজও কখনো গভীর রাতে ঘুম ভেঙে গেলে অদ্ভুতভাবে মনে হয় আমার হাতটা বুঝি এখনও তোমার হাতের মুঠোয় বন্দী। মনে হয়, তুমি ঠিক আগের মতোই নিশ্চিন্তে ঘুমিয়ে আছো, আর আমি নড়ছি না শুধু তোমার ঘুমটুকু বাঁচিয়ে রাখার জন্য।
কী আশ্চর্য, তাই না?
মানুষ চলে যায়, অথচ তার স্পর্শ থেকে যায়।
হাত সরে যায়, অথচ মুঠোর উষ্ণতা থেকে যায়।
মানুষটি থাকে না, অথচ তার অনুপস্থিতিই কখনো কখনো সবচেয়ে বেশি উপস্থিত হয়ে ওঠে।
তোমার সব স্মৃতি আমি আমার হৃদয়ের স্পন্দনের সঙ্গে সেলাই করে রেখেছি।
তাই চাইলেও তাদের ছিঁড়ে ফেলে দিতে পারি না। তারা আমাকে জ্বালায়, পোড়ায়, মাঝরাতে ঘুম ভাঙিয়ে দেয়, নিঃশব্দ দুপুরে হঠাৎ বুক ভার করে দেয়, তবু আমি তাদের পরম যত্নে লালন করি। কারণ এই স্মৃতিগুলোই তো এখন আমার কাছে তোমার একমাত্র অবশিষ্ট অস্তিত্ব।
আজকাল মনোবিজ্ঞানের কত রকম সূত্র বের হয়েছে, প্রাক্তনকে ক্ষমা করে দিতে হয়, রাগ পুষে রাখা উচিত নয়, অতীতকে ছেড়ে সামনে এগিয়ে যেতে হয়।
আমি রাগ রাখিনি, প্রিয়তম, কিন্তু তোমাকে ক্ষমা আমি কোনোদিন করব না।
না, ভয় পেয়ো না। এ কোনো অভিশাপ নয়।
আমি তোমাকে ক্ষমা করতে চাই না, কারণ ক্ষমা করে দিলে আমাদের শেষ যে অদৃশ্য বন্ধনটুকু এখনও কোথাও রয়ে গেছে, সেটুকুও হয়তো ছিন্ন হয়ে যাবে। তোমাকে ক্ষমা করে দিলে হয়তো তোমার প্রতি আমার এই অভিমানটুকুও মরে যাবে। আর আমি জানি, অভিমান মরে গেলে ভালোবাসার শেষ প্রদীপটিও নিভে যায়।
তাই আমার অভিমানটুকু আমি বাঁচিয়ে রাখব।
এই অভিমানই প্রতিদিন আমার আত্মাকে একটু একটু করে পুড়িয়ে তোমার নামে আমার হৃদয়ে একটি প্রদীপ জ্বালিয়ে রাখে। সেই প্রদীপের আলোয় আমি তোমাকে দেখি কখনো খুব কাছে, কখনো বহুদূরে, কখনো আমার, কখনো সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ হিসেবে।
তুমি হয়তো কোনোদিন জানতে পারবে না, তোমাকে হারানোর পরও কতখানি তোমাকে নিজের মধ্যে বয়ে নিয়ে চলেছি আমি।
হয়তো কোনোদিন জানতে পারবে না, তোমাকে ভুলে যাওয়ার অভিনয় করতে করতে কতবার নিঃশব্দে তোমাকেই মনে করেছি।
হয়তো কোনোদিন জানতে পারবে না, তোমাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তটা তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল না, ছিল নিজের চোখকে আজীবন তোমার জন্য তৃষ্ণার্ত রাখার সিদ্ধান্ত।
তুমি ভালো থেকো, খুব ভালো থেকো।
আর যদি কোনোদিন হঠাৎ বর্ষার রাতে জানালার ওপারে ঝুম বৃষ্টি নামে, আর কোনো অকারণ বিষণ্ণতা এসে তোমার বুকের দরজায় কড়া নাড়ে, তবে একবার ভেবে নিও, পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মানুষ হয়তো এখনও বৃষ্টির শব্দে তোমার নাম শুনছে।
সে তোমাকে ডাকবে না।
ফিরে আসতেও বলবে না।
শুধু নীরবে ভালোবেসে যাবে একটি অসমাপ্ত চিঠির মতো, যার শেষ শব্দটুকুও কোনোদিন লেখা হবে না।
ইতি,
তোমার প্রাক্তন
এখানে পড়ুন: জীবনের ছোট ছোট নির্যাস