জুন মাসের মাঝামাঝিতে নওরিন নাহার মুনা গিয়েছিলেন নেত্রকোনার সুসং দুর্গাপুরে, গবেষণা টিমের সঙ্গে। গবেষণার শত ব্যস্ততা। তাই বলে দুর্গাপুরে দেখার মতো এত এত জায়গা থাকতে কোথাও যাওয়া হবে না? অতএব, শেষ দিনে সবাই মিলে বিরিসিরি ঘাট থেকে নদী সোমেশ্বরী পার হয়ে যাওয়া হয় রানীখং মিশন ও বিজয়পুর চীনামাটির পাহাড় দেখতে। বিরিসিরি থেকে দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন স্থানীয় বাসিন্দা বিনোদ রেমা। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। জীবনজয়ের আহবানে সেদিন বিনোদ ও নওরিন ঘোরাঘুরির মধ্যেই ‘কথা বলি’তে অংশ নেন।
বিনোদ রেমা: ‘নওরিনকে আবার সুসং দুর্গাপুরে আসার নিমন্ত্রণ করেছি’
প্রথমে নওরিন নাহার মুনাকে দেখে আপনার কী মনে হয়েছিল?
অনেক শান্ত আর নম্র প্রকৃতির মেয়ে।
কী দিয়ে আলাপ শুরু হয়?
কুশল বিনিময়ের মাধ্যমে। কোন জায়গা থেকে এসেছে, বাড়ি কোথায়, পরিবারে কে কে আছেন; এসব নিয়েই কথা শুরু হয়েছিল।
কোন বিষয়গুলো নিয়ে কথা বললেন?
গারো সম্প্রদায় মাতৃতান্ত্রিক প্রকৃতির হওয়ার কারণ নিয়ে বেশ খানিকক্ষণ কথা হয়।
আলাপকালে মতের মিল বা অমিল কেমন ছিল?
উনি বাঙালি, আমি গারো। উনি মুসলিম, আমি খ্রিস্টান। এসব কি অমিল? আমার তা মনে হয় না। তা ছাড়া আমাদের আলাপের মধ্যে মিল বা অমিল হওয়ার মতো কিছু ছিল না; বেশ সাধারণ কথাবার্তা আলোচনা করেছি।
কোন দিকগুলো ভালো লেগেছে?
নতুন পরিবেশে এসে নওরিন আমাদের সঙ্গে মিশেছে, আলাপ-আলোচনা করেছে। এই বিষয়টাই আমার ভালো লেগেছে।
নওরিনের কোনো বিষয়ে কি আপনি বিব্রত হয়েছিলেন?
না, তেমন কিছু মনে হয়নি।
পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে কি আলাপ হয়েছে?
হ্যাঁ, হয়েছিল। দুজনের পরিবার নিয়েই আমরা কিছু কথাবার্তা বলেছি।
আপনার বন্ধুদের সঙ্গে কি ওনাকে পরিচয় করাবেন?
অবশ্যই করাব।
আশাবাদী নাকি উল্টোটা বেশি লক্ষ্য করলেন?
নওরিনকে আমার আশাবাদী মানুষ মনে হয়েছে।
মোবাইল নম্বর কি বিনিময় হয়েছে?
আমার মোবাইল নম্বর দিয়েছিলাম, নওরিনেরটা নেওয়া হয়নি।
ফেসবুকে পরস্পর যুক্ত হয়েছেন কি?
না।
আপনাদের আবার দেখা হওয়ার সম্ভাবনা আছে কি?
আমি নওরিনকে আবার সুসং দুর্গাপুর বেড়াতে আসার নিমন্ত্রণ করেছি। আসলে নিশ্চয়ই আবার দেখা হবে।
নওরিনকে দুই-তিনটি শব্দে বর্ণনা করুন।
সহজ-সরল, শান্ত-নম্র।
আলাপটিকে ১০ নম্বরের মধ্যে আপনি কত দেবেন?
আট দেব। জানার অনেক কিছু ছিল, কিন্তু সময়স্বল্পতার জন্য অনেক আলাপ বাকি থেকে যায়। আমরা খোলা জায়গায় হাঁটতে হাঁটতে কথা বলছিলাম, সে সময় হালকা বৃষ্টি নামে। ফলে আলাপ আর খুব বেশি এগোতে পারেনি।
চাইলে আরও কিছু বলুন -
নওরিন অনেক মিশুক। আলাপকালে তার মধ্যে কোনো অহংকার দেখিনি।
নওরিন নাহার মুনা: ‘বিনোদ ভাইয়ের কাছ থেকে আশাবাদী হতে শিখলাম’
প্রথমে বিনোদ রেমাকে দেখে আপনার কী মনে হয়েছিল?
প্রথমবার বিনোদ ভাইকে দেখে ভদ্রলোক মনে হয়েছিল। শান্ত ও অহিংস প্রকৃতির।
কী দিয়ে আলাপ শুরু হয়?
গারোদের ‘মাতৃতান্ত্রিক’ সমাজব্যবস্থা নিয়ে আমাদের আলাপ শুরু হয়েছিল। এই ব্যবস্থাটা আসলে কোথা থেকে এল? বিনোদ ভাই জানালেন, তাদের পূর্বপুরুষেরা যোদ্ধা ছিলেন। যুদ্ধে গেলে তাঁদের সঞ্চিত সম্পদ অরক্ষিত থাকত। তাই যুদ্ধে যাওয়ার সময় সেগুলো নারীদের নিয়ন্ত্রণে রেখে যেতেন। এখান থেকেই মূলত তাঁদের মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থার সূচনা।
কোন বিষয়গুলো নিয়ে কথা বললেন?
বিনোদ ভাইয়ের সঙ্গে অনেক বিষয় নিয়েই কথা হয়। গারোদের ইতিহাস ছাড়াও আমাদের কথা হয়েছে স্থানীয় খাদ্যাভ্যাস, আমার পড়াশোনা ও বাল্যকাল নিয়ে।
আলাপকালে মতের মিল বা অমিল কেমন ছিল?
আমরা কোনো তর্কমূলক আলাপে ছিলাম না, তাই মিল বা অমিলের প্রশ্ন আসেনি।
কোন দিকগুলো ভালো লেগেছে?
ওঁর সরলতা আমার খুবই ভালো লেগেছে।
বিনোদ রেমার কোনো বিষয়ে কি আপনি বিব্রত হয়েছিলেন?
না, তাঁর কোনো বিষয়ে আমি বিব্রত হইনি। তবে সোশ্যাল মিডিয়া কেন ব্যবহার করেন না জানতে চাইলে তিনি জানান, ছেলে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ায় রাগ করে তিনি ফোন ভেঙে ফেলেছেন। এই বিষয়টি আমার ভালো লাগেনি। রাগ করে কোনো কিছু ভাঙাভাঙি আমার পছন্দ নয়।
পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে কি আলাপ হয়েছে?
হ্যাঁ। তিনি ছোটবেলায় একসময় ভারতে থাকতেন, পরে দেশে চলে আসেন। রানীখং মিশনের কাছেই তাঁর গ্রামের বাড়ি। বিরিসিরি ও রানীখং মিলিয়ে তিনি থাকেন। গ্রামের বাড়িতে কৃষি ও মাছচাষ করেন। তা ছাড়া একটি স্কুলের সঙ্গেও তিনি যুক্ত আছেন।
আপনার বন্ধুদের সঙ্গে কি ওনাকে পরিচয় করাবেন?
অবশ্যই। বিনোদ ভাইয়ের সরলতা আমার খুব ভালো লেগেছে। আমি চাই আমার বন্ধুবান্ধব ওঁর সঙ্গে আলাপ করুক।
বিনোদ রেমার মধ্যে আশাবাদ নাকি উল্টোটা বেশি লক্ষ্য করলেন?
তাঁর মধ্যে আশাবাদ লক্ষ্য করেছি। পারিবারিক ও স্থানীয় উন্নয়নের ব্যাপারে তিনি আশাবাদী।
মোবাইল নম্বর কি বিনিময় হয়েছে?
হ্যাঁ, হয়েছে।
ফেসবুকে পরস্পর যুক্ত হয়েছেন কি?
না, কারণ বিনোদ ভাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না।
আপনাদের আবার দেখা হওয়ার সম্ভাবনা আছে কি?
আবার কখনো সুসং দুর্গাপুর গেলে তাঁর সঙ্গে দেখা হতে পারে।
বিনোদকে দুই-তিনটি শব্দে বর্ণনা করুন।
ভদ্র ও অহিংস।
আলাপটিকে ১০ নম্বরের মধ্যে আপনি কত দেবেন?
১০-এর মধ্যে সাত।
চাইলে আরও কিছু বলুন-
বিনোদ ভাইয়ের কাছ থেকে আমি আশাবাদী হতে শিখলাম। অল্পতে সন্তুষ্ট থেকে সুন্দর ও সুখী জীবনযাপন করার অনুপ্রেরণা পেলাম।