এখানে পড়ুন: দ্য হাংরি ভয়েজার্সের বাছাই খাবার: এক
দ্য হাংরি ভয়েজার্স হলো আন্তর্জাতিকভাবে পরিচিত একটি খাবারদাবারের সাইট। ২০২৩ সালে এই সাইটের পক্ষ থেকে ২৫টি দেশ ঘুরে ২৮টি খাবারের তালিকা প্রকাশ করা হয়েছিল। দ্য হাংরি ভয়েজার্স টিমের বাছাই করা খাবারগুলো নিয়ে দ্বিতীয় পর্ব পড়ুন নীচে।
আদাবো (Adobo), ফিলিপাইন
ফিলিপাইনে আমাদের হাতে সময় কম ছিল। শেষ সুযোগ হিসেবে হোটেলের রুম সার্ভিসে পোর্ক আদাবো অর্ডার করলাম। যদিও খাবারটির ছবিটা খুব একটা আকর্ষণীয় ছিল না। খাবার এল। খাওয়া শুরু করার পর অনুভব করলাম, মাংস এতটাই নরম যে মুখে দিতেই গলে যাচ্ছিল। তার সঙ্গে ছিল গোলমরিচের সুগন্ধযুক্ত ঘন ঝোল। কিন্তু একটা আফসোস হচ্ছিল, ইশ! যদি কোনো ফিলিপিনো রেস্তোরাঁয় বসে খাবারটি খেতে পারতাম! হয়তো আবার ফিলিপাইন আসব, শুধু আদাবোর জন্য।
ফেটুচিনি আল্লা পাপালিনা (Fettuccine alla Papalina), ভ্যাটিকান সিটি
একটা আশ্চর্যের বিষয় হলো, ভ্যাটিকান সিটির নিজস্ব কোনো জাতীয় খাবার নেই। কারণ, ভ্যাটিকান সিটির ভেতরে কোনো রেস্তোরাঁই নেই। তবে একটি খাবারকে মানুষ অনানুষ্ঠানিকভাবে জাতীয় খাবার বলে ধরে নেয়। সেটি হলো ফেটুচিনি আল্লা পাপালিনা। বাংলায় বললে, পোপের ফেটুচিনি।
এর পেছনে অবশ্য একটা গল্পও আছে। একদল বিশেষ অতিথির জন্য কার্ডিনাল ইউজেনিও পাসেলি তাঁর রাঁধুনিকে বিশেষ একটি খাবার তৈরি করতে বলেছিলেন। রাঁধুনি তৈরি করলেন কার্বোনারার মতো ফেটুচিনি। তবে তাতে আলাদা করে যোগ করলেন পেঁয়াজ, ক্রিম আর প্রসিউতো। কার্ডিনালের খাবারটি এতটাই পছন্দ হলো যে পরে পোপ হওয়ার পরও তিনি এটি খেতে থাকলেন। তাই নাম হয়ে গেল ‘পোপের ফেটুচিনি’।
খাবারটি ছিল বেশ ক্রিমি। তা ছাড়া পেঁয়াজের কারণে খাবারটিতে একটা সুন্দর টেক্সচার তৈরি হয়েছিল।
এখানে পড়ুন: ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রকৃত মালিক কে?
মিট পাই (Meat Pie), নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডে মিট পাই এমন একটা খাবার, যেটা আসলে এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। রাস্তায় বের হলেই চোখে পড়ে। দোকানে, ক্যাফেতে, রেস্তোরাঁয়, সব জায়গাতেই আছে। এমনকি গ্যাস স্টেশনেও পাওয়া যায়। মিট পাইয়ের আবার বিভিন্ন ধরন রয়েছে, যেমন স্টেক অ্যান্ড চিজ, বাটার চিকেন, ভেনিসন অ্যান্ড প্লাম, বেকন অ্যান্ড এগ।
এর মধ্যে সবচেয়ে মজাদার ছিল কাই পাই বেকারি থেকে পাওয়া মিন্স অ্যান্ড চিজ। বাইরের আবরণটা দেখতে মনে হয় মাখনের মতো নরম, কিন্তু হাতে ধরলে বোঝা যায় খসখসে। ভেতরে ছিল গরুর মাংসের কিমা আর ঘন ঝোল। মিট পাই খাওয়ার সবচেয়ে বড় বিপদ হলো, একটা খেলে মনে হবে আরেকটা খাই।
কিয়োৎসুপা (Kjötsúpa), আইসল্যান্ড
আইসল্যান্ড খুব ঠান্ডার দেশ। সেখানে অনেক জায়গায় গৃহপালিত পশু পালন করাও কঠিন। তাই ভেড়ার মাংস খুব জনপ্রিয়। বরফের মধ্যে ঘোরাফেরা করতে করতে শরীর যখন ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা, তখনই চোখে পড়বে বিভিন্ন ক্যাফে। তেমনই একটা ক্যাফে ছিল গুলফস ক্যাফে। সেখানকার কিয়োৎসুপা (গরম ল্যাম্ব স্যুপ) খুব জনপ্রিয়।
স্যুপটা ছিল একদম গরম, ধোঁয়া ওঠা। ঠান্ডার মধ্যে এটি শরীরে একধরনের উষ্ণতা এনে দেয়। স্যুপটা এতই মজাদার যে প্রথম চামচ মুখে দেওয়ার পর মনে হলো, শরীরের ভেতর একটা ছোট্ট আগুন জ্বলে উঠেছে। ঝোলটা ছিল ধোঁয়া ওঠা গরম, সবজিগুলো ছিল একদম ভালোভাবে সিদ্ধ, আর মাংসটাও ছিল খুব মজাদার। এমন খাবার শীতের দিনে শুধু পেটই ভরায় না, মনে হয় খাবারটা যেন শরীর-মন উষ্ণতায় ভরিয়ে তোলে।
হাইনানিজ চিকেন রাইস (Hainanese Chicken Rice), সিঙ্গাপুর
সিঙ্গাপুরের হকার সেন্টার সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে। ছোট ছোট খাবারের দোকান। সামনে দিয়ে হেঁটে গেলে নানান খাবারের গন্ধ পাওয়া যায়। তেমনই একটি ছোট দোকান ম্যাক্সওয়েল ফুড সেন্টারের আহ তাই-তে হাইনানিজ চিকেন রাইস খেলাম।
খাবারটির প্রশংসা আগেও শুনেছি, তাই এটি নিয়ে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। প্লেটে ছিল তিনটি প্রধান জিনিস, বাদামি রঙের ভাত, কাটা মুরগি আর সাম্বাল। কিন্তু খাওয়ার পর মনে হলো, মন্দ না। মুরগি নরম, সাম্বাল ঝাল, ভাতও ভালো। কিন্তু আমরা যেভাবে আশা করেছিলাম, সেভাবে পেলাম না। খাবার ভালো ছিল, কিন্তু আমাদের মন জয় করতে পারেনি।
জুড মাত গার্ডেবুনেন (Judd mat Gaardebounen), লুক্সেমবার্গ
লুক্সেমবার্গের জাতীয় খাবার জুড মাত গার্ডেবুনেনের নাম শুনে প্রথমে খুব একটা আগ্রহ তৈরি হয়নি। খাবারটির অর্থ হ্যামের সঙ্গে বিনস ও সেদ্ধ আলু।
আমরা উম দিয়েরফেগেন নামের একটি রেস্তোরাঁয় খাবারটি খেলাম। প্লেটে ছিল নরম সেদ্ধ আলু, হ্যাম এবং বিনস। হ্যাম ও আলুর স্বাদ স্বাভাবিক, যেমন হওয়ার কথা। কিন্তু পুরো খাবারের স্বাদ বদলে দিয়েছিল বিনসের সঙ্গে দেওয়া ক্রিমি, মাখনের মতো সস। সঙ্গে নিয়েছিলাম লুক্সেমবার্গের বিয়ার।
খেতে খেতে মনে হচ্ছিল, খাবারটি হয়তো চোখ ধাঁধানো নয়, কিন্তু বেশ আরামদায়ক। এটি এমন খাবার, যা খেয়ে মনে হয়, পেটও ভরে গিয়েছে, মনও শান্ত।
পুপুসা (Pupusa), এল সালভাদর
এল সালভাদরের বিমানবন্দর থেকে বের হওয়ার কয়েক মিনিট পরই চোখে পড়বে পুপুসার দোকান। প্রতি চার-পাঁচ মিনিট পরপরই এমন দোকান চোখে পড়ল। মনে হলো, এখানে বুঝি সবাই শুধু পুপুসাই খায়।
আমরা এল তুনকোতে গিয়ে একটি দোকানে পুপুসা খেলাম। দোকানটির কোনো নামই ছিল না। কয়েকজন বয়স্ক মহিলা ডো তৈরি করছেন। এরপর গরম তাওয়ায় ছুড়ে দিচ্ছেন। আমরা এক ডলার দিলাম, পেলাম গরম, সদ্য তৈরি পুপুসা। তার সঙ্গে ছিল টমেটো সালসা আর কুর্তিদো, গাঁজানো বাঁধাকপির সালাদ।
ডো ছিল নরম এবং মোটা, অনেকটা নোনতা প্যানকেকের মতো স্বাদ। ভেতরে ছিল বিনস। তার সঙ্গে ছিল গলানো চিজ। খাবারটি সস্তা ও সাধারণ হলেও খেয়ে অনুভূতিটা ছিল অসাধারণ।
এখানে পড়ুন: কলার মোচার ঘন্ট ও বড়া