শীতের সকালে স্কুলে যাওয়ার আগে দিদার রান্নাঘরে উঁকি দেওয়ার অভ্যাস ছিল। কখনো চুলায় নাশতা তৈরি হচ্ছে, কখনো দুপুরের রান্নার আয়োজন। তবে জলপাইয়ের মৌসুমে রান্নাঘরের প্রতি আকর্ষণটা থাকত একটু বেশি। উঠানে রোদে দেওয়া জলপাই, মসলা মাখানোর গন্ধ আর কাচের বয়ামে ভরে রাখা আচারের দৃশ্য এখনো শৈশবের মধুর স্মৃতি হয়ে আছে। স্কুল থেকে ফিরে ভাতের সঙ্গে কিংবা বিকেলে মুড়ি মেখে দিদার বানানো সেই আচার খাওয়ার আনন্দই ছিল আলাদা।
সেই পুরোনো স্বাদ ফিরিয়ে আনতে ঘরেই তৈরি করতে পারেন টক, ঝাল ও মিষ্টির মিশেলে মজাদার জলপাইয়ের আচার। খুব বেশি ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায় এই আচার।
যা যা লাগবে
জলপাই ১ কেজি, সরিষার তেল ১ কাপ, শুকনা মরিচ ৮-১০টি, পাঁচফোড়ন ২ চা-চামচ, সরিষা গুঁড়া ২ টেবিল-চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, রসুন ১০-১২ কোয়া, লবণ স্বাদমতো,
চিনি বা গুড় আধা কাপ (স্বাদ অনুযায়ী), ভিনেগার ২ টেবিল-চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমে জলপাই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্রতিটি জলপাইয়ে হালকা চিরে দিন, যাতে ভেতরে মসলা ভালোভাবে ঢুকতে পারে। এবার একটি পাত্রে পানি গরম করে জলপাইগুলো কয়েক মিনিট সেদ্ধ করে নিন। খুব বেশি নরম করা যাবে না। পানি ঝরিয়ে জলপাইগুলো সম্পূর্ণ ঠান্ডা ও শুকনো হতে দিন।
এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে পাঁচফোড়ন ও শুকনা মরিচ দিয়ে দিন। সুগন্ধ বের হলে রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এরপর হলুদ, মরিচ ও সরিষা গুঁড়া দিয়ে অল্প আঁচে নাড়ুন। মসলা কষানো হলে জলপাই ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার চিনি বা গুড় যোগ করুন। জলপাই থেকে পানি বের হয়ে মসলা মাখামাখা হয়ে এলে অল্প আঁচে রান্না করুন। সবশেষে ভিনেগার দিয়ে আরও কয়েক মিনিট নেড়ে চুলা বন্ধ করে দিন।
সংরক্ষণ ও পরিবেশন
আচার পুরোপুরি ঠান্ডা হলে পরিষ্কার, শুকনো কাচের বয়ামে ভরে রাখুন। আচার যেন তেলের মধ্যে ডুবে থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সব সময় শুকনো চামচ ব্যবহার করুন এবং দীর্ঘদিন রাখতে চাইলে ফ্রিজে সংরক্ষণ করুন।
গরম ভাত, খিচুড়ি কিংবা বিকেলের মুড়ির সঙ্গে একটুখানি জলপাইয়ের আচার। ব্যস, ফিরে আসুক দিদার হাতের সেই টক-ঝাল-মিষ্টি স্বাদে মাখা শৈশবের দিনগুলো!
ক্যাটাগরি: রসিঘর
রেটিং:
০