কলার মোচার ঘণ্ট আর কলার মোচার বড়া খেয়েছেন নিশ্চয়। না খেয়ে থাকলে আর বিলম্ব নয়। অতি-স্বাদের এই খাবার থেকে নিজেকে বিরত রাখার কোনো কারণ থাকতে পারে না। ঝটপট উপকরণগুলো জোগাড় করুন। নীচে লেখা প্রণালি দেখে বানিয়ে নিন এই দুই পদ। গরম গরম ভাতের সঙ্গে খাবেন কলার মোচার ঘণ্ট আর কলার মোচার বড়া। সঙ্গে একটু ঘন ডাল আর এক টুকরো সুগন্ধি লেবু থাকলে আর কী চাই!
মোচার ঘণ্ট
উপকরণ: কলার মোচা ২টি, আলু মাঝারি সাইজের ২টি, আদা বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া দেড় চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, চিনি স্বাদমতো, লবণ পরিমাণমতো, সয়াবিন তেল ৪-৫ টেবিল চামচ, কয়েকটি কাঁচামরিচ এবং একটু ঘি ও গরম মসলা বাটা।
এ ছাড়া ফোড়নের জন্য আস্ত জিরা আধা চা চামচ, তেজপাতা ২টি, শুকনো মরিচ ২টি, দারুচিনি ২ টুকরো, এলাচ ৩টি।
প্রস্তুত প্রণালি: প্রথমে কলার মোচার খোসা ছাড়িয়ে ভেতরের ফুলগুলো বের করুন। ফুলগুলোর মধ্যে দুটি শক্ত অংশ থাকে। একটি লম্বা ডাঁটির মতো। আরেকটি সাদা পর্দার মতো। এগুলো বের করে ফেলে দিতে হবে। এবার মোচার ফুলগুলো একত্রে কুচি করে কেটে হলুদজলে ডুবিয়ে রাখুন। হলুদজলে না ভেজালে এগুলো কালো হয়ে যাবে।
মোচা কাটা হয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। মোচায় সামান্য লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মোচা নরম হলে জল ঝরিয়ে রাখতে হবে।
আলু খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার কড়াইয়ে সয়াবিন তেল গরম করে, তাতে কেটে রাখা আলু সামান্য হলুদ ও লবণ দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে।
আলু নামিয়ে রেখে গরম তেলে ফোড়নের সব মসলা দিয়ে সামান্য ভেজে নিতে হবে। তারপর ফোড়ন দেওয়া তেল-মসলায় সেদ্ধ করে রাখা মোচা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার এক এক করে জিরা, ধনে, সামান্য হলুদ, মরিচের গুঁড়া, আদা বাটা, চিনি, লবণ দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে নিয়ে সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে।
মোচার জল শুকিয়ে এলে তাতে ঘি, গরম মসলা বাটা এবং চেরা কাঁচামরিচ যোগ করে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে। নামানোর আগে খুব সামান্য চালের গুঁড়া দিয়ে একটু সময় নাড়তে থাকুন। সবকিছু মিশে গেলে রান্না শেষ। চুলা থেকে নামিয়ে ফেলুন খুব স্বাদের মোচার ঘণ্ট।
এবার পরিবেশনের পালা। কলার মোচার খোসায় পরিবেশন করুন গরম মোচার ঘণ্ট। খাবেন গরম ভাতের সঙ্গে।
কলার মোচার বড়া
কলার মোচা ১টি। বড়া হবে ৬টি।
কলার মোচার বড়া তৈরির জন্য মোচার একদম ভেতরের কচি অংশটি নিতে হবে। এরপর এটিকে গোল করে আকারে কাটুন। জলে সামান্য লবণ ও হলুদ দিয়ে মোচার টুকরোগুলো ভাপিয়ে নিন।
এবার আধা কাপ চালের গুঁড়া, দুই চামচ আটা বা ময়দা, সামান্য কালোজিরা, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং এক চা চামচ সরিষাবাটা দিয়ে ঘন ব্যাটার (Batter) তৈরি করে নিতে হবে। এরপর ব্যাটারে মোচার টুকরোগুলো ডুবিয়ে গরম ডুবো তেলে বাদামি করে ভেজে নিতে হবে।
গরম গরম ভাতের সঙ্গে খাবেন। সঙ্গে একটু ঘন ডাল আর এক টুকরো সুগন্ধি লেবু থাকলে আর কী চাই!