বাংলাদেশের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁদের জীবন ও সংগ্রাম একটি নির্দিষ্ট সময়কে অতিক্রম করে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। রাশিমণি হাজং (১৯০১-১৯৪৬) তেমনই এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি শুধু হাজং জনগোষ্ঠীর একজন নেত্রী ছিলেন না, তিনি ছিলেন কৃষকের অধিকার, নারীর মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। তাঁর আত্মত্যাগ ও সাহসিকতা বাংলাদেশের গণমানুষের আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে আছে।
রাশিমণি হাজংয়ের জন্ম নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও অধিকাংশ গবেষকের মতে তিনি বিংশ শতাব্দীর শুরুতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া অঞ্চলের বগাঝরা বা মাইজপাড়া এলাকায় এক দরিদ্র হাজং পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ছিল দারিদ্র্য ও সংগ্রামে পরিপূর্ণ। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ তিনি খুব বেশি পাননি। বর্ণপরিচয়ের সীমা অতিক্রম করার সুযোগও তাঁর হয়নি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকেও তিনি জীবনের বাস্তব অভিজ্ঞতা, প্রখর বুদ্ধিমত্তা ও অসাধারণ নেতৃত্বগুণের মাধ্যমে হয়ে উঠেছিলেন একজন জননেত্রী।
খুব অল্প বয়সেই তাঁর বিয়ে হয়। প্রথম স্বামী জ্ঞানেন্দ্র হাজং অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করলে রাশিমণিকে বিধবা জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। জীবিকার তাগিদে তিনি ধান চাষ, ফসল প্রক্রিয়াজাতকরণ, জ্বালানি কাঠ সংগ্রহ, কাপড় বোনা ও বিক্রিসহ নানা কাজ করেছেন। নিঃসন্তান বিধবা হওয়ায় সমাজের কুসংস্কার ও অবহেলারও শিকার হয়েছেন। কিন্তু কোনো প্রতিকূলতাই তাঁর মনোবল ভাঙতে পারেনি। পরবর্তীকালে তাঁর দ্বিতীয় বিয়ে হয় পাঞ্জি হাজংয়ের সঙ্গে। পাঞ্জি হাজং ছিলেন একজন কবিরাজ ও অগ্নি-উপাসক। স্বামীর কাছ থেকে রাশিমণি কবিরাজি চিকিৎসা, ভেষজ জ্ঞান এবং ধাত্রীবিদ্যা আয়ত্ত করেন। তিনি গ্রামাঞ্চলের অসুস্থ মানুষ ও প্রসূতি নারীদের সেবা দিতে শুরু করেন। ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে তিনি আস্থা, ভালোবাসা ও নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন।
রাশিমণির সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন একজন প্রতিবাদী মানুষ। চল্লিশের দশকে গারো পাহাড়ের পাদদেশে সুসং দুর্গাপুর অঞ্চলে কৃষকদের ওপর চালু ছিল অত্যন্ত শোষণমূলক ‘টংক’ প্রথা। টংক ছিল ধান-কড়ারি খাজনা ব্যবস্থা, যেখানে জমিতে ফসল হোক বা না হোক, কৃষককে নির্ধারিত পরিমাণ ধান জমিদারকে দিতে হতো। খরা, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও কৃষকের কোনো রেহাই ছিল না। ফলে হাজংসহ বহু প্রান্তিক কৃষক চরম অর্থনৈতিক সংকটে পড়ত। খাজনা দিতে ব্যর্থ হলে তাঁদের ওপর নেমে আসত নির্যাতন, উচ্ছেদ ও নানা ধরনের শাস্তি।
এই অন্যায়ের বিরুদ্ধে হাজং কৃষকেরা সংগঠিত হতে শুরু করেন। তাঁদের মুখে উচ্চারিত হতে থাকে, “জান দিবো, কিন্তু ধান দিবো না।” কমরেড মণি সিংহের নেতৃত্বে টংক আন্দোলন সংগঠিত রূপ লাভ করে। রাশিমণি হাজং এই আন্দোলনের অন্যতম সাহসী নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের সংগঠিত করেন, বিশেষ করে হাজং নারীদের আন্দোলনে যুক্ত করেন। তাঁর সাহস, দৃঢ়তা ও নেতৃত্বে টংক আন্দোলন ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে।
১৯৪৬ সালের ৩১ জানুয়ারি টংক আন্দোলনের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়ের সূচনা হয়। সেদিন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস বাহিনী দুর্গাপুরের বহেরাতলী গ্রামে অভিযান চালায়। তাঁরা টংক আন্দোলনের সক্রিয় কর্মী লংকেশ্বর হাজংকে না পেয়ে তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী কুমুদিনী হাজংকে জোরপূর্বক ধরে নিয়ে যেতে শুরু করে। সংবাদটি মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। কৃষক সমিতির এক সভা থেকে রাশিমণি হাজং ঘটনাটি জানতে পারেন। অনেকেই তাঁকে ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন,
“ময় তিমৗ, ময় জানি তিমৗদলৗ মান। ময় রক্ষা কুরিব না তে মরিবু। তুরা থাক তুমলৗ নীতি নিয়ৗ বুইয়ৗ থাক।”
অর্থাৎ, “আমি নারী, আমি জানি নারীর সম্ভ্রমের মান। নারীর মান আমি রক্ষা করব, নয় মরব। তোরা থাক তোদের নীতি নিয়ে বসে।”
এই ঘোষণা দিয়ে দিস্তামনি হাজং, বাসন্তি হাজং, রণেবালা হাজং, প্রভাবতী হাজং ও পঞ্চমনি হাজংসহ একদল নারী-পুরুষকে নিয়ে কুমুদিনীকে উদ্ধারে এগিয়ে যান রাশিমনি। সুরেন্দ্র হাজংয়ের নেতৃত্বে আরও একদল যোদ্ধা তাঁদের সঙ্গে যোগ দেন। সোমেশ্বরী নদীর তীরে শুরু হয় ঐতিহাসিক প্রতিরোধযুদ্ধ। হাজং যোদ্ধারা তীর-ধনুক, বল্লম, দা ও দেশীয় অস্ত্র নিয়ে ব্রিটিশ বাহিনীর ওপর আক্রমণ চালান। একপর্যায়ে রাশিমণি বাঁশঝাড়ের আড়াল থেকে ঝাঁপিয়ে পড়ে কুমুদিনীর ওপর নির্যাতনকারী এক সৈন্যকে দা দিয়ে আঘাত করেন।
লোকমুখে প্রচলিত আছে, সেই আঘাতে সৈন্যটির মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এর পরপরই ব্রিটিশ বাহিনীর গুলিতে রাশিমণি হাজং মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে সুরেন্দ্র হাজংও গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তাঁদের আত্মত্যাগে ক্ষুব্ধ হাজং যোদ্ধারা আরও তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর ব্রিটিশ বাহিনী কুমুদিনীকে ছেড়ে দিয়ে পিছু হটতে বাধ্য হয়। এভাবেই টংক আন্দোলনের প্রথম নারী শহীদ হিসেবে ইতিহাসে অমর হয়ে যান রাশিমণি হাজং।
রাশিমণির আত্মত্যাগ শুধু একটি আন্দোলনের ঘটনা নয়, এটি নারীর মর্যাদা রক্ষা, সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকারের এক অনন্য দৃষ্টান্ত। তিনি প্রমাণ করেছিলেন, প্রতিবাদের জন্য বড় কোনো ক্ষমতা নয়; প্রয়োজন সাহস, আত্মবিশ্বাস ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর দৃঢ় সংকল্প। রফিক আজাদ তাঁর ‘মাতা রাশিমণি’ কবিতায় লিখেছিলেন—
“রাশিমণি একটি নাম, জীবন-সমান দীর্ঘ নাম;
দেশবাসী, জানাও তোমরা তাঁকে সহস্র প্রণাম।
রাশিমণি এই বিশাল বাংলায় একবারই জন্মান—
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে গর্বিত শহীদ।”
দীর্ঘ ৫৮ বছর পর ২০০৪ সালের ৩১ জানুয়ারি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বহেরাতলী গ্রামে তাঁর আত্মদানের স্থানে নির্মিত হয় ‘শহীদ হাজংমাতা রাশিমণি স্মৃতিসৌধ’। প্রতিবছর ৩১ জানুয়ারি সেখানে টংক দিবস ও রাশিমণির শহীদ দিবস পালিত হয়। হাজং সম্প্রদায়, কৃষক সংগঠন, সাংস্কৃতিক কর্মী, গবেষক ও সাধারণ মানুষ গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করেন।