আজ দাঁত পরিষ্কারের জন্য টুথব্রাশ, টুথপেস্ট ও ডেন্টাল ফ্লস ব্যবহার করা খুবই স্বাভাবিক। কিন্তু সব সময় কি এমন ছিল? এমন প্রশ্ন মাথায় এলে এই লেখা আপনার জন্যই। তার আগে বলে নিই- এই লেখার তথ্যসূত্র হিস্ট্রি ডট কমে প্রকাশিত এক প্রতিবেদন।
আচ্ছা, মূল গল্পে আসা যাক।
একসময় দাঁত পরিষ্কারের জন্য মানুষ ব্যবহার করত ছোট গাছের ডাল, পশুর লোম, কাঠের টুকরা, এমনকি পোড়া ঝিনুকের খোলসও। দাঁতের যত্ন নেওয়ার এই অভ্যাস হাজার হাজার বছরের পুরোনো। তবে আধুনিক দাঁতের চিকিৎসা ও পরিচর্যার সরঞ্জাম তৈরি হতে লেগেছে বহু শতাব্দী।
ইতিহাসবিদদের ধারণা, দাঁতের চিকিৎসা অন্তত খ্রিষ্টপূর্ব ৭০০০ সাল থেকে চলে আসছে। তবে উনিশ শতক পর্যন্ত পেশাদার দাঁতের চিকিৎসা সবার জন্য সহজলভ্য ছিল না। এমনকি উনিশ শতকেও নাপিতেরা চুল কাটার পাশাপাশি অস্ত্রোপচার ও দাঁত তোলার কাজ করতেন।
তাহলে টুথব্রাশ আসার আগে মানুষ দাঁত পরিষ্কার করত কীভাবে?
প্রাচীনকালে অনেকেই ব্যবহার করতেন চিবানোর উপযোগী সরু ডাল। ডালের এক প্রান্ত চিবিয়ে আঁশযুক্ত করে নেওয়া হতো। এরপর সেই অংশ দিয়ে দাঁত ঘষে পরিষ্কার করা হতো। কিছু সংস্কৃতিতে এখনো এ ধরনের ডাল ব্যবহারের প্রচলন রয়েছে।
আজকের পরিচিত টুথব্রাশের উদ্ভব হয়েছিল চীনে, তাং রাজবংশের শাসনামলে (৬১৮-৯০৭ খ্রিষ্টাব্দ)। তখন ব্রাশের হাতল তৈরি হতো বাঁশ বা হাড় দিয়ে। আর দাঁত পরিষ্কারের অংশে ব্যবহার করা হতো বুনো শূকরের লোম।
পরবর্তী সময়ে টুথব্রাশ তৈরিতে নানা পরিবর্তন আসে। ইংরেজ উদ্যোক্তা উইলিয়াম অ্যাডিসকে বাণিজ্যিকভাবে ব্যাপক পরিমাণে টুথব্রাশ উৎপাদনের পথিকৃৎ মনে করা হয়। কথিত আছে, দাঙ্গার অভিযোগে কারাবন্দি থাকার সময় ১৭৮০ সালে তিনি প্রথম টুথব্রাশের নমুনা তৈরি করেন।
১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির দন্তচিকিৎসক এইচ এন ওয়াডসওয়ার্থ টুথব্রাশের প্রথম মার্কিন পেটেন্ট পান। ১৯৩৮ সালে টুথব্রাশে নাইলনের ব্রিসল যুক্ত হয়। এর আগে ১৯৩৭ সালে মার্কিন উদ্ভাবক টমলিনসন আই মোসলে বৈদ্যুতিক টুথব্রাশের নকশার পেটেন্ট নেন। তবে ১৯৫৪ সালে সুইস বিজ্ঞানী ফিলিপ-গাই উগের তৈরি মডেল বাজারে আসার পর বৈদ্যুতিক টুথব্রাশ জনপ্রিয় হতে শুরু করে।
টুথব্রাশের আগেই এসেছিল টুথপেস্ট!
অবিশ্বাস্য মনে হলেও টুথপেস্টের ব্যবহার টুথব্রাশের চেয়েও পুরোনো। ধারণা করা হয়, খ্রিষ্টপূর্ব ৩০০০ থেকে ৫০০০ সালের মধ্যে প্রাচীন মিসরীয়রা দাঁত পরিষ্কারের জন্য বিশেষ ধরনের মিশ্রণ তৈরি করতেন। এতে থাকত গরুর খুর পোড়ানো ছাই, গন্ধরস, ডিমের খোসা ও পিউমিস পাথরের গুঁড়া।
পরে খ্রিষ্টপূর্ব প্রায় ১০০০ সালের দিকে পারস্যের মানুষ এতে পোড়ানো শামুক ও ঝিনুকের খোলস, জিপসাম, বিভিন্ন ভেষজ উপাদান ও মধু যোগ করেন।
বাণিজ্যিকভাবে টুথপেস্ট তৈরি শুরু হওয়ার পরও মানুষ ঘরেই দাঁত পরিষ্কারের গুঁড়া বানাত। ১৮৬০ সালে প্রকাশিত দ্য প্র্যাকটিক্যাল হাউসওয়াইফ বইয়ে দাঁত পরিষ্কারের জন্য আইরিস গাছের মূলের গুঁড়া, কাঠকয়লা, পেরুভিয়ান গাছের ছাল, চক এবং বার্গামট বা ল্যাভেন্ডার তেল মিশিয়ে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল।
১৮৮০-এর দশকে যুক্তরাষ্ট্রের দন্তচিকিৎসক ওয়াশিংটন ওয়েন্টওর্থ শেফিল্ড টুথপেস্ট রাখার জন্য চেপে বের করা যায় এমন টিউব ব্যবহারের ধারণা দেন। এর আগে টুথপেস্ট বিক্রি হতো বোতল, চীনামাটির পাত্র কিংবা কাগজের বাক্সে।
১৯৫৫ সালে ক্রেস্ট প্রথম ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট বাজারে আনে। গবেষণায় দেখা গিয়েছিল, ফ্লোরাইড দাঁতের ক্ষয় কমাতে কার্যকর। বর্তমানে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের অনুমোদন পাওয়া সব টুথপেস্টে ফ্লোরাইড থাকতে হয়। অনেক এলাকায় পানীয় জলেও ফ্লোরাইড যোগ করা হয়।
দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পরিষ্কারের জন্য টুথপিকের ব্যবহারও বহু পুরোনো। নৃতত্ত্ববিদদের ধারণা, প্রাগৈতিহাসিক যুগে, এমনকি ১০ লাখ বছরেরও বেশি আগে থেকেই মানুষ টুথপিক ব্যবহার করত। প্রথম দিকে কাঠের ছোট টুকরা, হাড়, হাতির দাঁত কিংবা কাক ও রাজহাঁসের পালকের শক্ত অংশ দিয়ে দাঁত খোঁচানোর কাজ করা হতো।
ভিক্টোরীয় যুগে রুপা ও সোনার টুথপিকও জনপ্রিয় হয়ে ওঠে। তবে উনিশ শতকে খাবার টেবিলে দাঁত খোঁচানোর প্রবণতা এতটাই বেড়েছিল যে শিষ্টাচারবিষয়ক বইয়েও এ নিয়ে নির্দেশনা দিতে হয়। ১৮৮২ সালের একটি বইয়ে খাবার টেবিলে দাঁত খোঁচানোকে অভদ্র আচরণ বলা হয়েছিল।
অন্যদিকে, ডেন্টাল ফ্লসের প্রচলন শুরু হয় উনিশ শতকে। মার্কিন দন্তচিকিৎসক লেভি স্পিয়ার পার্মলি ১৮১৯ সালে দাঁতের ফাঁকে মোম মাখানো সিল্কের সুতা ব্যবহারের পরামর্শ দেন। পরে বাণিজ্যিকভাবে সিল্কের ফ্লস তৈরি শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিল্কের সংকট এবং নাইলনের অধিক স্থায়িত্বের কারণে ১৯৪০-এর দশকে নাইলনের ফ্লস জনপ্রিয় হয়ে ওঠে।
১৯৫০-এর দশকের শেষ দিকে দাঁতের ফাঁক পরিষ্কারের জন্য পানির প্রবাহ ব্যবহারকারী যন্ত্রও বাজারে আসে। ১৯৬২ সালে চালু হয় ওয়াটারপিক। একজন দন্তচিকিৎসক ও একজন হাইড্রোলিক প্রকৌশলীর যৌথ প্রচেষ্টায় তৈরি এই যন্ত্রের পাম্পিং ব্যবস্থা কার্যকর করতে ১৪৬ বার চেষ্টা করতে হয়েছিল বলে জানা যায়।
দাঁতের যত্নে পরিবর্তন কতটা?
দাঁতের ব্যক্তিগত পরিচর্যা, আধুনিক চিকিৎসা এবং পানিতে ফ্লোরাইড ব্যবহারের ফলে মানুষের দাঁতের স্বাস্থ্যে বড় পরিবর্তন এসেছে।
ওহাইও স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ডেন্টিস্ট্রির সহকারী অধ্যাপক ম্যাথিউ জে মেসিনা জানান, ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের ৪৯ শতাংশ মানুষের জীবদ্দশায় সব দাঁত হারানোর আশঙ্কা ছিল। ২০১০ সালে সেই হার কমে ১৩ শতাংশে নেমে আসে। অথচ এই সময়ে মানুষের গড় আয়ু প্রায় ১০ বছর বেড়েছিল।
তাঁর ভাষায়, আগের প্রজন্মের মানুষ রাতে ঘুমানোর আগে খুলে রাখা কৃত্রিম দাঁত পানির গ্লাসে ডুবিয়ে রাখতেন। কিন্তু বর্তমান প্রজন্ম এবং তাদের সন্তানেরা বিশ্বাস করেন, সঠিক যত্ন নিলে সারা জীবন নিজের দাঁত ও হাসি ধরে রাখা সম্ভব।