বিবিধ

সমুদ্র রক্ষায় সাফল্য


  • সুপ্তি রায়  |
  • প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০১:০৫
সমুদ্র রক্ষায় সাফল্য
ছবি: আল মামুন খান এমিল

জলবায়ু পরিবর্তন ও সর্বগ্রাসী দূষণে জর্জরিত আমাদের সাগর-মহাসাগর। তবে এর মধ্যেও আছে কিছু আশা জাগানিয়া খবর। Synchronicity Earth সহ আরও কয়েকটি সংস্থার ওয়েবসাইট থেকে সংগৃহীত তথ্য অবলম্বনে পড়ুন জীবনজয়ী প্রতিবেদন।

সবুজ কচ্ছপের ফিরে আসা

প্রায় বিলুপ্তির পথ থেকে সবুজ কচ্ছপদের ফিরিয়ে আনা সম্ভব হওয়াটা সমুদ্র রক্ষায় বড় একটি সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। আগে মেক্সিকো, কোস্টারিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া এবং সেশেলেসে এই প্রাণীটির দেখা পাওয়া যেতো। একসময় মাত্রাতিরিক্ত শিকারের ফলে এটি প্রায় হারিয়ে যেতে বসেছিল।

অনেক টানাপোড়েনের পর বিভিন্ন দেশে সচেতনতামূলক ও আইনি পদক্ষেপের মাধ্যমে সবুজ কচ্ছপ শিকারের পরিমাণ কমিয়ে আনা হয়েছে। এছাড়া কূলে চলে আসা কচ্ছপ ছানাদের পুনরায় সমুদ্রে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন দেশে। এখন সবুজ কচ্ছপ কোনো বিলুপ্তপ্রায় প্রাণী নয়। ছোট্ট এই প্রাণীগুলো সমুদ্রের তলদেশে ঘাসের ওপর অবাধে বিচরণ করছে, মাটির উর্বরতা ভালো রাখছে, কার্বনের ভারসাম্য বজায় রাখছে—এমনি আরও কত কি!

ফ্রেঞ্চ পলিনেশিয়ার বৃহত্তম সংরক্ষিত সমুদ্র অঞ্চল

২০২৫ সালে ফ্রান্সে অনুষ্ঠিত জাতিসংঘের সমুদ্র বিষয়ক কনফারেন্সে ফ্রেঞ্চ পলিনেশিয়া নামের এই দ্বীপ অঞ্চলটি জানায় যে, তারা প্রশান্ত মহাসাগরে বিশ্বের বৃহত্তম সংরক্ষিত এলাকা তৈরি করবে; যার আয়তন হবে প্রায় ১.৯ মিলিয়ন বর্গমাইল! এর মানে, এই বিশাল এলাকা জুড়ে সমুদ্রের তলদেশে কোনো খনন কাজ হবে না এবং বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো মাছ আহরণ করা যাবে না। এছাড়াও যেকোনো ধরনের ক্ষতিকারক উপায়ে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ করা হবে। শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের জন্য প্রথাগত 'পোল অ্যান্ড লাইন' পদ্ধতিতে মাছ ধরার সুযোগ উন্মুক্ত থাকবে।

ফ্রেঞ্চ পলিনেশিয়ার পথ ধরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র সামোয়াও তার সমুদ্রসীমার ৩০ শতাংশ এলাকাকে সংরক্ষিত করার ঘোষণা দিয়েছে।

সামুদ্রিক চিতা হাঙ্গর

লেপার্ড শার্ক বা চিতা হাঙ্গর বিপন্ন সামুদ্রিক প্রাণীদের মধ্যে অন্যতম। এগুলো জেব্রা হাঙ্গর নামেও পরিচিত। এদের সংরক্ষণের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় ইন্দোনেশিয়ায়। একদল গবেষক হঠাৎ লক্ষ করলেন, অ্যাকোয়ারিয়ামে রাখা প্রাণীগুলো অনেক বেশি ডিম উৎপাদন করছে। সমুদ্রে এই হাঙ্গরের সংখ্যা খুবই কম ছিল। তাই গবেষকরা ডিমগুলোকে ইন্দোনেশিয়ার কিছু হ্যাচারিতে পাঠিয়ে দেন; যেখান থেকে প্রতি বছর ৫০ থেকে ৭৫টি ছোট হাঙ্গরকে সমুদ্রে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হ্যাচারিতে এদের দেখাশোনা করার জন্য বিশেষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও সেখানে আসে কিছু শিশু-কিশোর; যারা হাঙ্গর ভালোবাসে। সম্মিলিত এই প্রচেষ্টায় এখন চিতা হাঙ্গরের সংখ্যা ক্রমশ বাড়ছে।

মালদ্বীপে প্রবালের ফিরে আসা

মালদ্বীপ এমন একটি দেশ যা ডুবুরিদের পছন্দের তালিকায় একদম ওপরে রয়েছে। নব্বইয়ের দশকের শেষদিকে, সমুদ্রের পানির তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে (এল নিনোর প্রভাবে) বা অ্যাটল (Baa Atoll) এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর প্রবাল প্রাচীরগুলো ধ্বংস হয়ে যায়। প্রায় দুই দশক পরে, একদল গবেষক ৯,০০০টি প্রবালের কৃত্রিম ছাঁচ তৈরি করে সেগুলো সমুদ্রের তলদেশে স্থাপন করেন।

এই প্রবাল প্রাচীরগুলো সমুদ্রের তলদেশে একটি শক্ত ও প্রাকৃতিক কাঠামো হিসেবে কাজ করে। এই ছাঁচগুলো ব্যবহার করেই সমুদ্রের নিচের নরম মাটির টুকরোগুলো একসঙ্গে জোড়া লেগে থাকে। এর ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্র যেমন ফিরে আসছে, তেমনি ডুবুরিরাও খুব সহজে জলের নিচে জীববৈচিত্র্যের অপার সৌন্দর্য উপভোগ করতে পারছেন।

কুঁজো তিমি

কুঁজো তিমি (Humpback Whales) সমুদ্রের অন্যতম সুন্দর ও বিশাল এক প্রাণী। একটা সময়ে এই প্রাণীটি চরম বিলুপ্তির ঝুঁকিতে পড়েছিল। গত কয়েক দশক ধরে মানুষের নানামুখী প্রচেষ্টা, বিশেষ করে কুঁজো তিমি শিকারে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করায় তা প্রকৃতির জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ান উপকূলে একসময় এই কুঁজো তিমির সংখ্যা মাত্র কয়েকশতে নেমে এসেছিল, যা আজ ৫০ হাজার ছাড়িয়েছে! এর ফলে ডুবুরিরা এখন জলের নিচে গেলেই চমৎকার এই কুঁজো তিমির দেখা পাচ্ছেন।



ক্যাটাগরি: বিবিধ

         

  রেটিং: ০

এই বিভাগের আরও পোস্ট

মাদক-নির্ভরতা: অন্তহীন এক চক্র থেকে মুক্ত হতে পেরেছি

মাদক-নির্ভরতা: অন্তহীন এক চক্র থেকে মুক্ত হতে পেরেছি

  • অপু চৌধুরী|
  •  ২৫-০৮-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

হাইস্পিড জীবন

হাইস্পিড জীবন

  • স্মৃতি রানী বর্মণ|
  •  ১৯-০৮-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

কেন কুতথ্যের বদলে ছড়াব সুতথ্য?

কেন কুতথ্যের বদলে ছড়াব সুতথ্য?

  • আহমেদ শারজিন শরীফ|
  •  ০৪-০৮-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

৩.৮

সামাজিক পক্ষপাতের ফাঁদ কীভাবে এড়ানো যায়?

সামাজিক পক্ষপাতের ফাঁদ কীভাবে এড়ানো যায়?

  • সুমাইয়া রহমান তুলি|
  •  ২২-০৭-২০২৬
ক্যাটাগরি: বিবিধ

জীবনজয়ী ইতিবাচক বিষয়াদি নিয়ে সাজানো একটি বাংলা ওয়েবসাইট। উচ্ছ্বাস–উল্লাস–উৎসব এই সাইটের প্রাণকথা। সম্প্রীতি–সহমর্মিতা ও দয়াধর্ম-মানবতাকে উচ্চে রাখে জীবনজয়ী।