জীবনজয়ীর আহ্বানে আমি একটানা চব্বিশ ঘণ্টা ইন্টারনেট ছাড়া থাকতে সম্মত হই। এটা আমার জন্য এক অবিশ্বাস্য ব্যাপার ছিল। কারণ আমি সম্ভবত ইন্টারনেটে আসক্ত। ঘুমানোর সময় ছাড়া বলতে বাকি সময়টা আমি মোবাইল ফোনেই থাকি। নাই নেটে আমি রাজি হই আসক্তি থেকে অন্তত কিছুটা মুক্তি পাওয়ার আশায়। নির্ধারিত দিনে সন্ধ্যা ৭টায় ইন্টারনেট সংযোগ বন্ধ করি। তখন মনে হচ্ছিল আমার যেন কোনো অঙ্গহানি হয়ে গেছে। নিজেকে অসম্পূর্ণ লাগছিল বারবার। মোবাইলটা হাতে নিতে খুব ইচ্ছে করছিল। মোবাইল ছাড়া একাকিত্ব যেন নাছোড়বান্দার মতো আমাকে জড়িয়ে ধরেছিল। এত কষ্ট পাচ্ছিলাম! মনে হচ্ছিল পৃথিবীতে আমার মতো নিঃসঙ্গ কেউ নেই। মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল।
আমি হলে নিজে রান্না করে খাই। বরাবর রান্না করার সময় গান শোনার অভ্যাস আমার। তাই মনে হচ্ছিল মোবাইলটা নিয়েই আসি। গান শুনি। শেষাবধি ব্যাপারটা সেদিকে গড়ায়নি। বরং গুনগুন করে গান গেয়ে রান্না করেছি পরে। রাত ১০টার দিকে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম, যাতে নেটহীনতার একাকিত্ব কমে যায়। বন্ধুদের সাহচর্যে আসার পর অনেকটা ভালো লাগছিল। রুমে আসার পর আবারও মোবাইল হাতে নেওয়ার ইচ্ছে করছিল। তবে এই তাড়না শুরুর মতো তীব্র ছিল না। কী আশ্চর্য! এরপর খানিকক্ষণ বই পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। সে রাতে ঘুম অনেক ভালো হয়েছিল।
সকালে উঠে আমি সাধারণত মোবাইল চালু করে সোশ্যাল মিডিয়ায় যাই। তাই মোবাইল খুঁজছিলাম। কিন্তু চব্বিশ ঘণ্টার নাই-নেটের জন্য আমি মোবাইল তালাবদ্ধ করে রেখেছিলাম ডেস্কে। ফলে সময় জানতে পারছিলাম না। আগের দিন সন্ধ্যা থেকে রুমমেটকে অন্তত ১০ বার জিজ্ঞেস করেছিলাম, “ক’টা বাজে?” সময় জেনে নিয়ে ফ্রেশ হলাম। রান্নাঘরে খাবার গরম করে খেয়ে নিলাম। বাড়ি যাওয়ার জন্য বাসের টিকিট কাটতে হতো, সিঙ্গেল সিটের জন্য ম্যামকে কল করতে হতো। এই চিন্তাগুলো মাথা থেকে বের হচ্ছিল না।
দুপুরের দিকে মোবাইলের জন্য আকুতি খুব বেড়ে গেল। খাবার খেতে পর্যন্ত ইচ্ছে করছিল না। একবার মনে হলো আমি বোধহয় রোজা রেখেছি। সারা দিন খাবার আর পানি খাওয়া যাবে না আজ! কী থেকে কী যে ভাবছিলাম!
বিকেলে হলের মাঠে বসে রোদ পোহানোর সময় মনে হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় কেউ আমাকে মেনশন করল কি না! বন্ধুদের গ্রুপে কোনো মজার কথা হচ্ছে কি না! হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই সবসময়, সেই ব্যাপারটাও মনে আসছিল বারবার। যারা নক দেয় বা রিলস পাঠায়, তাদের সাথে কথা বলতে ইচ্ছে করছিল! সন্ধ্যায় রুমমেটকে জিজ্ঞেস করে জানলাম ঘড়ির কাঁটা সোয়া ছয়টা পেরিয়েছে। একটু সময় বই পড়লাম। আবার সময় জানতে চাইলাম। আর কত দেরি সাতটা বাজতে? কয়েকটা মিনিট যেন শত শত বছর মনে হচ্ছিল।
অবশেষে ৭টা ৫ মিনিটে মোবাইল হাতে নিলাম। সে এক অনুভূতি। সোশ্যাল মিডিয়াগুলোতে গেলাম, নোটিফিকেশনগুলো দেখলাম। গান শুনলাম, কিছু রিলস দেখলাম। বাড়িতে কল করলাম, সবার সাথে কথা বললাম। বারবার মনে হচ্ছিল হারানো বন্ধুকে খুঁজে পেয়েছি।
ইন্টারনেট ও মোবাইল ছাড়া আমার মিশ্র অনুভূতি হয়েছে। আমার মা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আমার রুমমেট এবং বন্ধুরা আমার পাশে থেকেছে এবং অনুপ্রেরণা দিয়েছেন। এই দিনের বদৌলতে আমি এখন স্মার্টফোনের প্রতি আসক্তি কমানোর কথা ভাবতে পারছি।